BCCI Announced ACC Under-19 Womens Asia Cup 2027: আগামী বছর হতে চলেছে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ (ICC Under-19 Women's T20 World Cup 2027)। এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে নামছে ভারতীয় দল। শনিবার ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল।
ACC Under-19 Womens Asia Cup 2027: অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটকিপার-ব্যাটার ভাবিকা আহিরে (Bhavika Ahire)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অনাদি তাগড়ে (Anaadi Tagde)। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে আগামী এশিয়া কাপে খেলতে নামবে ভারত। এই প্রতিযোগিতাকে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের (ICC Under-19 Women's T20 World Cup 2027) প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছে ভারতীয় দল। ২০২৪ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন নিকি প্রসাদ। এবারও খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত।
আত্মবিশ্বাসী অনূর্ধ্ব-১৯ মহিলা ভারতীয় দল
১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ মহিলা ভারতীয় দলে আছেন ভাবিকা আহিরে, ইরা যাদব, নিধি মাহতো, পূর্বা সিওয়াচ, মহক নারওয়াসে, মৈত্রী মানিয়ার, ঈশ্বরী আওয়াসারে, দিয়া যাদব, শ্রেয়া এস চাভান, সামাইরা রাঘব, কুমারী পলক, উমা কাশভি, আছসা পারমার, অনাদি তাগড়ে এবং পলক সিং। দলের বেশ কয়েকজন ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ড (England) অনূর্ধ্ব-১৯ মহিলা দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-20 সিরিজে খেলছেন। সেই সিরিজে দুরন্ত শুরু করেছে ভারত। প্রথম দু'টি ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। শনিবার বরোদায় দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩০ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১২৪ রানে। এই ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছেন আছসা ও দিয়া। সিরিজের প্রথম ম্যাচে ৫২ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন আছসা। অন্যদিকে, দিয়া মাত্র ৪৯ বলে ৮৭ রান করে নজর কেড়েছেন। বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উমা। প্রথম দুই ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহ পাঁচ উইকেট। সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি।
টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
এখনও পর্যন্ত আয়োজিত দু'টি আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের দু'টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগামী বিশ্বকাপেও সেই আধিপত্য বজায় রাখতে চাইবে ভারতীয় দল। তার আগে এশিয়া কাপ তরুণী ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি দলের কম্বিনেশন তৈরি এবং আত্মবিশ্বাস বাড়ানোর গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।












