Glenn Maxwell: ১৪ বছরের কেরিয়ার শেষ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের

Published : Nov 03, 2026, 10:33 AM IST
Glenn Maxwell

সংক্ষিপ্ত

Glenn Maxwell Retirement: গত এক দশকে সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার (Australia) অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়ের নাম গ্লেন ম্যাক্সওয়েল। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিন বোলিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে অনেক সাফল্য এনে দিয়েছেন এই অলরাউন্ডার। এবার তিনি ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

DID YOU KNOW ?
৩ বার বিশ্বকাপ জয়
২ বার ওডিআই বিশ্বকাপ এবং ১ বার টি-২০ বিশ্বকাপ জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

Glenn Maxwell Announced Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ১৪ বছরের বর্ণময় কেরিয়ার শেষ হল। ২০১২ সালের অগাস্টে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে প্রথমবার খেলার সুযোগ পান এই অলরাউন্ডার। এবার ৩৮ বছর বয়সে তিনি অবসর ঘোষণা করলেন। সীমিত ওভারের ক্রিকেটেই বেশি সাফল্য পেলেও, টেস্ট ম্যাচেও খেলেছেন ম্যাক্সওয়েল। ২০১৩ সালের মার্চে ভারতের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয় এই অলরাউন্ডারের। চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপে (ICC Men's T20 World Cup 2026) ওমানের (Oman) বিরুদ্ধে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে বল হাতে দু'টি উইকেট নিলেও ব্যাটিং করার সুযোগ পাননি ম্যাক্সওয়েল। সেটাই হয়ে থাকল অস্ট্রেলিয়ার হয়ে তাঁর শেষ ম্যাচ।

ওডিআই, টি-২০ বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওডিআই, ১৩০টি টি-২০ আন্তর্জাতিক এবং সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। তাঁর ঝুলিতে রয়েছে দু'টি আইসিসি ওডিআই বিশ্বকাপ (২০১৫ ও ২০২৩) এবং ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব। বিধ্বংসী ব্যাটিং এবং একার হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত এই অলরাউন্ডার। এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার হয়ে সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের কেরিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য দ্বিশতরান। কঠিন পরিস্থিতিতে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলে একার হাতেই অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয় সেই ইনিংস। তাঁর লড়াকু মানসিকতা, দক্ষতা এবং প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতার অনন্য নিদর্শন ছিল সেই ইনিংস। ওডিআই ক্রিকেটে ১২৬.৭ স্ট্রাইক রেটে ৩,৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ২,৮৯৭ রান, স্ট্রাইক রেট ১৫৪.৪। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি শতরান এবং ১৩৬টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। যা একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে তাঁর দক্ষতাকেই তুলে ধরে।

আগেই ওডিআই থেকে অবসর

এর আগে ২০২৫ সালের জুনে ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে টি-২০ দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন। যদিও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায় লিখলেন ম্যাক্সওয়েল। তাঁর অবসরের সঙ্গে শেষ হল অস্ট্রেলিয়ার ক্রিকেটের এক বর্ণময় অধ্যায়। আগ্রাসী ব্যাটিং, অবিশ্বাস্য ম্যাচ জেতানো ইনিংস এবং একাধিক ভূমিকায় নিজেকে মেলে ধরার ক্ষমতার জন্য ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন জায়গা করে থাকবেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১২
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাক্সওয়েলের।
২০১২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখেন গ্লেন ম্যাক্সওয়েল।
Read more Articles on
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: যশস্বীর অপরাজিত শতরান, নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ড্র ভারতীয় এ দলের
Glenn Maxwell: কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর? খোলসা করলেন ম্যাক্সওয়েল