
IPL Mini Auction: আইপিএল মিনি নিলামের আগে চেন্নাই সুপার কিংস তাদের ১৪.২ কোটি টাকার এক তরুণ তারকাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের অলরাউন্ডার প্রশান্ত বীর গত মিনি নিলামে আনক্যাপড প্লেয়ার হিসেবে সর্বোচ্চ ১৪.২ কোটি টাকা দাম পেয়েছিলেন (IPL Mini Auction)। সিএসকে এবার তাঁকেই রিলিজ করার প্ল্যান করছে। ২০ বছর বয়সী প্রশান্ত গত আইপিএল মরশুমে চেন্নাইয়ের হয়ে ৬টি ইনিংসে ব্যাট করে মাত্র ৯০ রান করেন। তিনি এর মধ্যে আরসিবির বিরুদ্ধে একটি ম্যাচেই ৪৩ রান করেন। তিনি বল হাতে দুই ওভার হাত ঘোরালেও কোনও উইকেট পাননি।
চেন্নাই মূলত, ইউপি টি-টোয়েন্টি লিগে নজরকাড়া পারফরম্যান্স দেখেই নিলামে প্রশান্তের জন্য এত বড় অঙ্কের বিড করেছিল। তিনি ওই লিগে ১৫৫-এর বেশি স্ট্রাইক রেটে ৩২০ রান করার পাশাপাশি ৮টি উইকেটও নেন। সতীর্থ ও কোচেরা ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংয়ের ভক্ত প্রশান্তকে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে তুলনা করে 'মিলার' বলে ডাকেন। অন্যদিকে, ২০ বছর বয়সি কার্তিক শর্মা প্রশান্তের সঙ্গেই ১৪.২ কোটি টাকায় দলে যোগ দিয়ে বেশ ভালো পারফর্ম করেছেন। কার্তিক ১১টি ইনিংসে ১৩৬.৫৭ স্ট্রাইক রেটে ২৯৫ রান করেন। তিনি নিজের অভিষেক মরশুমেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৭১ রানের ইনিংস-সহ মোট দুটি হাফ সেঞ্চুরি হাঁকান।
সিএসকে এখনও কাদের ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে, সেই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। সিএসকে প্রশান্ত বীরকে ছেড়ে দিলে ডিসেম্বরে গোয়ায় হতে চলা মিনি নিলামে বেশ বড় অঙ্কের টাকা নিয়ে নামতে পারবে। চেন্নাইয়ের কাছে দরকার হলে নিলামে কম দামেও এই তারকাকে ফের দলে নেওয়ার সুযোগ থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।