ICC Champions Trophy: ভারত থেকে সরতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ, ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যেভাবে খারাপ হচ্ছে, তার জেরে সরাসরি প্রভাব এসে পড়ছে ক্রিকেটে। সেইজন্য আগামী ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (icc champions trophy 2029 schedule)।
অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য এজ’ এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘দ্য এজ’ জানিয়েছে, যদি ভারত থেকে এই দুটি বড় প্রতিযোগিতা সরে যায়, তাহলে এই টুর্নামেন্ট আয়োজন করার দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, এর আগে তারা ২০১৫ সালে, একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ সফলভাবেই আয়োজন করেছিল (icc champions trophy 2029 host country)।
এমনিতেই ভারত এবং পাকিস্তান আইসিসি-র সঙ্গে একটি চুক্তি করে রেখেছে। যে চুক্তি অনুযায়ী, অনেকগুলি দেশ নিয়ে যে প্রতিযোগিতাগুলি আয়োজিত হবে, সেখানে কোনও দেশই একে অপরের দেশে গিয়ে খেলবে না।
যেমন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। তারপরেই এই চুক্তি করা হয়। আপাতত ২০২৭ সাল পর্যন্ত, এই চুক্তি রয়েছে। কিন্তু পরিস্থিতি যেভাবে ক্রমশ জটিল হচ্ছে, তাতে ২০২৭ সালের পরেও এই হাইব্রিড মডেলেই দুই দলের ম্যাচ হবে।
অস্ট্রেলিয়ার সংবাদপত্র দাবি করছে, এই মডেলে প্রতিযোগিতা করতেই রাজি নয় আইসিসি। কারণ, দুই দলের যাতায়াতের সমস্যা থেকে যায়। শুধু এই ম্যাচটির জন্য দুটি দলকে অতিরিক্ত যাতায়াত করতে হচ্ছে। তারপর আবার নতুন করে হোটেলের ব্যবস্থা করতে হচ্ছে। এই সবকিছুর জন্য খরচও বাড়ছে অনেকটা।
তার উপর আবার এখন যুক্ত হয়েছে বাংলাদেশও। তারাও এবার থেকে নিরপেক্ষ দেশে খেলতে চাইছে। তাই আইসিসি এই জটিলতাই চাইছে না। ফলে, তারা ভারত থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।
কিন্তু ভারতে প্রতিযোগিতা করাতে পারলে লভ্যাংশ অনেক বেশি পাবে আইসিসি। কারণ,ক্রিকেট থেকে ভারতে বিপুল লাভ। তাই অনেকেই মনে করছেন, আইসিসি চাইলেও ভারত থেকে সমস্ত প্রতিযোগিতা সরিয়ে নেওয়ার কথা ভাববে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।