IND vs ENG U19: তরুণদের কাঁধে ভর করেই বিশ্বজয় ভারতের। আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার (u19 world cup final)। আর তারপরেই রীতিমতো আবেগতাড়িত ভারতের ছেলেরা (ind u19 vs eng u19)।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শুক্রবার, জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয় ভারত বনাম ইংল্যান্ড (ind vs eng u19 world cup 2026)। সেই ম্যাচেই ১০০ রানে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জেতে টিম ইন্ডিয়া।
নেপথ্যে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিং। কার্যত, বিধ্বংসী ব্যাটিং এবং ২২ গজে যেন তিনি রীতিমতো তাণ্ডব চালান। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের দাপুটে ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে, ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ৩১১ রানে।
বৈভবের কথায়, ‘‘আমরা কখনও বাড়তি চাপ নিতে চাইনি। একটা কথাই শুধু ভেবেছি যে, কীভাবে আরও ভালো খেলতে পারি। আমরা একটা পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করে চলেছি সবসময়। নিজেদের দক্ষতার উপর বিশ্বাস এবং আস্থা রেখেছি। এমনিতে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছিল। টানা ৮-৯ মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। এই দলের ক্রিকেটাররাই শুধু জানে যে, এই বিশ্বকাপ জয়ের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে সকলকে। বড় ম্যাচে সবসময়ই ভালো খেলার লক্ষ্য মাথায় ছিল। যেমন ফাইনালটা খেললাম এবং দল জিতল। এই আনন্দ বলে বোঝানোর মতো নয়।"
অন্যদিকে, দলের অধিনায়ক আয়ুষ মাত্রে বলছেন, "আমরা চেয়েছিলাম দেশের উত্তরাধিকারকে ধরে রাখতে। রোহিত শর্মা বিশ্বকাপ জিতেছেন, হরমনপ্রীত জিতেছেন। এবার তাই আমরা জিতলাম। এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না। অসাধারণ একটা রাত হতে চলেছে আমাদের জন্য। প্রত্যেকে ভালো খেলেছে। যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম, সেটা অর্জন করতে পেরেছি। দলের সকলে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।