Mohammed Siraj Controversy: ভারত-নিউজিল্যান্ডের (New Zealand vs India) প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি মহম্মদ সিরাজ। তাঁকে খেলার সুযোগ না দেওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে সিরাজকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি।
New Zealand vs India Second Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টের আগে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পাশে দাঁড়ালেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও সিরাজের দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই তাঁর। বরং ভারতীয় পেসারকে নিজের উন্নতির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মর্কেল। একইসঙ্গে ক্রাইস্টচার্চ (Christchurch) টেস্টে অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে আনক্যাপড পেসার গুরনুর ব্রারের (Gurnoor Brar)। হ্যাগলি ওভালে (Hagley Oval) শুক্রবার শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচ ড্র হয়েছে। ওয়েলিংটনে (Wellington) প্রথম টেস্টে ভারতীয় বোলাররা ২০ উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন। সেই ম্যাচে দলেই জায়গা হয়নি সিরাজের। তবে অভিজ্ঞ এই পেসারের পাশে দাঁড়িয়ে মর্কেল বলেন, সিরাজ এখনও বিশ্বমানের বোলার।
সিরাজের প্রশংসায় মর্কেল
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে মর্কেল বলেছেন, ‘আমার মতে, সিরাজ ভালো বল করছে। যে পরিস্থিতির মধ্যে দিয়ে ও যাচ্ছে, তাতেও আমার কাছে ও একজন বিশ্বমানের বোলার। কখনও কখনও দল নির্বাচন এবং কিছু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। বিষয়টা সহজ নয়।’ সিরাজের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ তুলে মর্কেল আরও বলেন, 'আমি ওকে বলেছি, একটু পিছিয়ে গিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা এখন কোথায় দাঁড়িয়ে, কোন জায়গায় উন্নতি প্রয়োজন এবং কীভাবে আরও ভালো করা যায়, সেদিকে নজর দিতে হবে। দল নির্বাচন আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াই
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন। বর্তমানে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ভারত। শীর্ষে দক্ষিণ আফ্রিকা (৭৫), দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (৬৯.২৩) এবং তৃতীয় স্থানে নিউজিল্যান্ড (৬৬.৬৭)। মর্কেল স্বীকার করেছেন, ভারতের কাজ সহজ নয়। তাঁর কথায়, ‘প্রত্যেক ক্রিকেটারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চায়। সেই লক্ষ্যে পৌঁছতে সবাই নিজেদের সেরাটা দেবে। কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে, কাজটা কঠিন হতে চলেছে।’ তিনি আরও বলেছেন, ‘প্রতিটি খারাপ সেশনের পর আমরা কী করতে হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তায় ডুবে যেতে পারি না। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে, সমস্যার সমাধান খুঁজতে হবে এবং সেখান থেকেই এগিয়ে যেতে হবে। প্রতিটি সেশন ধরে পরিকল্পনা করাই হবে আমাদের লক্ষ্য। কীভাবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, সেদিকেই নজর দিতে হবে।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















