
India U19 vs United Arab Emirates U19: বাবা বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) পথেই হাঁটছেন ছেলে আর্যবীর সেহওয়াগ (Aaryavir Sehwag)! ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলে ভারতীয় দলকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) সেমি-ফাইনালে পৌঁছে দিলেন আর্যবীর। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬৮ বলে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন এই কিশোর। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান তোলে ভারতীয় দল। জবাবে ২৩৯ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস। ফলে ৭০ রানে ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেয় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন আর্যবীর। তিনি যেভাবে ব্যাটিং করছেন, তাতে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার আশা উজ্জ্বল।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা অবশ্য খুব একটা ভালো করতে পারেনি ভারতীয় দল। অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানি (Lakshya Rajesh Raichandani) ৩২ বলে ১৭ রান করে ফিরে যান। ১৩.৫ ওভারে ৬২ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর ক্রিজে জুটি বাঁধেন আর্যবীর ও ভিকে বিনীত (VK Vineeth)। দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন তাঁরা। এই জুটির সৌজন্যেই ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারতীয় দল। আর্যবীরের ১৬০ রানের ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও সাতটি ছক্কায়। তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৫.২৪। অন্যদিকে, ৬৯ বলে ৬৭ রান করেন বিনীত। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। ৪৪.২ ওভারে ২৫৫ রানের মাথায় আর্যবীরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসিম খান। ৪৬.১ ওভারে ২৭৬ রানে আউট হন বিনীতও। শেষের দিকে দ্রুত রান তুলে ভারতকে ৩০০ রানের গণ্ডি পার করান অন্য ব্যাটাররা। যশবর্ধন চৌহান ১০ বলে ১৭, অন্বয় দ্রাবিড় ৯ বলে ১২ এবং মোহিত উলভা ২ বলে অপরাজিত ৭ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতীয় দল ৩০৯ রান করে। অতিরিক্ত থেকে আসে ২২ রান। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে নাসিম খান ৪৮ রান দিয়ে চারটি উইকেট নেন। হিদায়াতুল্লাহ খান, নুরুল্লাহ আয়ুবি ও আয়ান মিসবাহ একটি করে উইকেট পান।
বড় টার্গেট তাড়া করতে নেমে লড়াই চালানোর চেষ্টা করেছিল সংযুক্ত আরব আমিরশাহি। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদাদ। ৭৪ বলের ইনিংসে ছ'টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক আয়ান মিসবাহর ব্যাট থেকে আসে ৫৩ বলে ২৭ রান। ইয়ায়িন রাই করেন ৪৪ বলে ২৯। শেষের দিকে নুরুল্লাহ আয়ুবি ২৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ছিল চারটি ছক্কা ও একটি চার। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় লক্ষ্যের ধারেকাছেও পৌঁছতে পারেনি আমিরশাহি। ৪৯.৬ ওভারে ২৩৯ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন ঈশান সুদ। সাত ওভারে ৩৭ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। মনল চৌহান ১০ ওভারে ৩২ রান দিয়ে একটি এবং কাব্য প্যাটেল ৩৭ রান দিয়ে একটি উইকেট পান। এ ছাড়াও আরিয়ান সাভসানি, অর্জুন রাজপুত, মোহিত উলভা ও যশোবর্ধন চৌহান একটি করে উইকেট তুলে নেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।