
India vs New Zealand Test: ভারতের মহম্মদ সিরাজ আসন্ন টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারেন। প্রাক্তন কিউয়ি পেসার টিম সাউদি মনে করছেন, যশপ্রীত বুমরার চেয়েও সিরাজ বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারেন (India vs New Zealand Test)। সাউদি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে বুমরাকে নিউজিল্যান্ড বেশ ভালোভাবেই সামলেছে। তাঁকে কীভাবে খেলতে হবে সেটা কিউয়ি ব্যাটারদের জানা আছে। পরিসংখ্যানও সেটাই বলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ৫টি টেস্টে ৯২.৮ স্ট্রাইক রেটে বুমরা মাত্র ৯টি উইকেট পেয়েছেন।
তাছাড়া বুমরা দলে ছিলেন এমন ৫টি টেস্টেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। সাউদি বলেন, "আমার মনে হয় টেস্ট ক্রিকেটে বুমরাহকে নিউজিল্যান্ড খুব ভালোভাবেই সামলেছে। আমার তো মনে পড়ে না বুমরা এমন কোনও ভারতীয় দলে খেলেছে যারা নিউজিল্যান্ডকে হারিয়েছে। তাই টেস্টে তাঁকে আমরা বেশ ভালোই খেলি।" সাউদির বিশ্বাস, নিউজিল্যান্ডের পরিবেশে সঠিক লেংথে বল করতে পারলে সিরাজ কিউয়ি ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন।
২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকের পর থেকে ৪৮টি ম্যাচে ১৪৪টি উইকেট নিয়েছেন সিরাজ। সাউদি বলেন, "আমি মহম্মদ সিরাজ এবং ওর বোলিং স্টাইলের বড় ভক্ত। নিউজিল্যান্ডে যদি ও সঠিক লেংথ খুঁজে পায়, তবে ও মারাত্মক হয়ে উঠবে। ও যে এনার্জি নিয়ে আসে, সারাদিন ধরে যেভাবে বল করে এবং ওর যে বোলিং স্টাইল—সব মিলিয়ে নিউজিল্যান্ডের পরিবেশে ও দারুণ সফল হতে পারে।"
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৯ নভেম্বর। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্টটি হবে ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। ওয়েলিংটনে প্রথম টেস্টে ১০ উইকেটে এবং ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জিতেছিল আয়োজকরা। এবার সেই হারের বদলা নিতেই মাঠে নামবে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।