Mumbai Indians: ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। শুক্রবার সরকারিভাবে আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের জন্য অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ানস। পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক রোহিতকে দায়িত্বে ফেরানো হল। তাঁর হাত ধরেই ফের সাফল্য আসবে বলে আশায় মুম্বই ইন্ডিয়ানস শিবির।
IPL 2027: রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক হিসেবে ফের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) তাঁর সহকারী হিসেবে দায়িত্ব দিতে চাইছিল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ম্যানেজমেন্ট। কিন্তু ই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বুমরা। তিনি সহ-অধিনায়ক হতে চাননি। তাঁর এই সিদ্ধান্তের কারণ জানা যায়নি। গত মরসুমে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও বুমরা পালা করে দলের নেতৃত্ব সামলেছিলেন। তা সত্ত্বেও এবার অধিনায়কত্বের দৌড়ে জায়গা হয়নি তাঁর। গত মাসের প্রথম সপ্তাহে এই ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তারা বুমরার সঙ্গে যোগাযোগ করে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তারকা পেসার। ২০২৫ সালের আইপিএল মেগা নিলামের আগে বুমরাকে ১৮ কোটি টাকায় ধরে রেখেছিল মুম্বই ইন্ডিয়ানস। অন্যদিকে, হার্দিক, রোহিত ও সূর্যকুমারকে এই ফ্র্যাঞ্চাইজিতে থাকার জন্য বেতন কমাতে হয়েছিল। ফলে বুমরাকে যে মুম্বই ইন্ডিয়ানস গুরুত্ব দেয়, তা স্পষ্ট। তবে এবার অধিনায়ক হিসেবে রোহিতের উপর ভরসা রাখা হল।
১৩ বছর ধরে মুম্বই ইন্ডিয়ানসে বুমরা
২০১৩ সালে মাত্র ১৯ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল-এ অভিষেক হয়েছিল বুমরার। তাঁর অপ্রচলিত বোলিং অ্যাকশন তখনই নজর কেড়েছিল ক্রিকেটবিশ্বের। এরপর ১৪টি আইপিএল মরসুমে মুম্বইয়ের হয়ে খেলে ১৮৭ উইকেট নিয়েছেন তিনি। দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তারকা পেসার। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন।
অধিনায়ক হিসেবে দায়িত্ব না পেয়ে হতাশ বুমরা?
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বুমরা। ২০২৬ সালের আইপিএল-এ হার্দিকের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ানসের স্ট্যান্ড-ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই পেসার বলেন, 'মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার আগে যে আমি টেস্ট দলের অধিনায়ক হয়ে যাব, সেটা কখনও ভাবিনি।' এবার জল্পনা শুরু হয়েছে, পাকাপাকিভাবে এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে দায়িত্ব না পেয়ে হয়তো হতাশ বুমরা। এই কারণেই তিনি সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














