
Pakistan Super League 2026: আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সে (Lahore Qalandars) যোগ দিলেন বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। পিএসএল-এর ১১-তম মরসুমের (PSL 11) জন্য এখনও ক্রিকেটারদের নিলাম হয়নি। তার আগেই সরাসরি মুস্তাফিজুরের সঙ্গে চুক্তি করল লাহোর কালান্দার্স। তবে আইপিএল-এর তুলনায় অনেক কম অর্থ পাচ্ছেন বাংলাদেশের এই পেসার। তাঁকে আইপিএল-এর নিলামে ৯.২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কেকেআর। লাহোরের দল পাকিস্তানের মুদ্রায় ৬.৪৪ কোটি টাকা দিচ্ছে। যা বাংলাদেশের মুদ্রায় ২.৮১ কোটি টাকার সামান্য বেশি। ভারতীয় মুদ্রায় প্রায় দু'কোটি টাকা। ফলে আইপিএল থেকে বাদ পড়ে মুস্তাফিজুরের বিপুল আর্থিক ক্ষতি হল।
পিএসএল-এ গত ১০ মরসুমে নিলাম হয়নি। ড্রাফটের মাধ্যমে ক্রিকেটারদের দলে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এবার নিলাম হতে চলেছে। তবে নিলামের আগেই মুস্তাফিজুরের সঙ্গে চুক্তি করা হল। বাংলাদেশের এই ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত-বিরোধিতায় সুর চড়িয়েছে পাকিস্তান। মুস্তাফিজুর এখন ভারত-বিরোধিতার হাতিয়ার। এই কারণেই পিএসএল-এ নিলামের আগে তাঁর সঙ্গে চুক্তি করা হল। এবার আইপিএল ও পিএসএল একসঙ্গে চলবে। ফলে সারা বিশ্বের প্রথমসারির ক্রিকেটাররা আইপিএল-এ খেলতে ব্যস্ত থাকবেন। যাঁরা আইপিএল-এ খেলার সুযোগ পাননি, তাঁরাই পিএসএল-এ খেলতে যাবেন। বাংলাদেশের অনেক ক্রিকেটারকেই পিএসএল-এ খেলতে দেখা যেতে পারে।
আইপিএল-এর মতোই ২৬ মার্চ শুরু হতে চলেছে পিএসএল। এই লিগের ফাইনাল ৩ মে। আইপিএল-এর তুলনায় জনপ্রিয়তা ও অর্থের নিরিখে অনেক পিছিয়ে পিএসএল। কিন্তু এখন বাংলাদেশীদের কাছে এই লিগের গুরুত্ব বেড়ে গিয়েছে। ভারত-বিরোধিতার কারণে মুস্তাফিজুরের আইপিএল-এর তুলনায় অনেক কম অর্থে পিএসএল-এ যোগ দেওয়ার ঘটনাকেই বড় করে দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেট মহল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।