
MS Dhoni’s Injury: এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। এই কিংবদন্তি অনুশীলনের সময় কাফ মাসলে চোট পান। সেই চোটের কারণেই তাঁর পক্ষে আপাতত আইপিএল-এ খেলা সম্ভব হচ্ছে না। এর আগে শোনা গিয়েছিল, চোটের জন্য ধোনির পক্ষে চলতি আইপিএল-এর প্রথম দুই সপ্তাহে খেলা সম্ভব হবে না। কিন্তু রবিবার জানা গেল, এই কিংবদন্তির পক্ষে অন্তত প্রথম ছয় ম্যাচে খেলা সম্ভব হবে না। এর আগে হাঁটুর চোট নিয়েও সিএসকে-র হয়ে খেলেছেন ধোনি। কিন্তু এবার তাঁর চোট গুরুতর বলেই মনে হচ্ছে। না হলে মাঠের বাইরে থাকতেন না তিনি। দলের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারের চোট নিয়ে উদ্বিগ্ন সিএসকে শিবির।
ধোনির এখন বয়স ৪৪ বছর। তিনি এক মাস আগেই এবারের আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দেন। তিনি খেলবেন বলে আশায় ছিল দল। কিন্তু তিনি চোট পাওয়ার পর এখন চেন্নাইয়ে রিহ্যাবে আছেন। গুয়াহাটিতে (Guwahati) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হচ্ছে সিএসকে। কিন্তু সেই ম্যাচে দলের সঙ্গে যাননি ধোনি। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও সিএসকে-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধেও অনিশ্চিত ধোনি।
এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালস ছেড়ে সিএসকে-তে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ধোনি খেললে এই উইকেটকিপার-ব্যাটারকে হয়তো আউটফিল্ডে থাকতে হত। তবে ধোনি চোট পাওয়ায় এখন উইকেটকিপিংয়ের দায়িত্ব সঞ্জুর উপরেই থাকছে। তিনি প্রথম ম্যাচেই পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামছেন। নতুন দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সঞ্জু। এবার আইপিএল-এ তিনি একইরকম পারফরম্যান্স দেখাতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।