IND A vs PAK A: এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে পাকিস্তানে বিরুদ্ধে জিততে হলে ভারতীয় এ দলকে করতে হবে ৩১৪ রান।দোহায় পাকিস্তান-এ দলের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে শুরুতে বৈভব সূর্যবংশী ও আয়ুষ বাদোনি ফিরে গেলেও, দুরন্ত ইনিংস খেললেন অভিষেক শর্মা।

IND A vs PAK A: পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক সুপার 70 অভিষেক শর্মার। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে পাকিস্তানে বিরুদ্ধে জিততে হলে ভারতীয় এ দলকে করতে হবে ৩১৪ রান। রবিবার দোহায় গ্রুপের ম্যাচে পাকিস্তান-এ দলের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে শুরুতে বৈভব সূর্যবংশী (১১) ও আয়ুষ বাদোনি (০) ফিরে গেলেও, দুরন্ত ইনিংস খেললেন অভিষেক শর্মা। টি-২০-তে ভারতের সবচেয়ে বড় অস্ত্র অভিষেক শর্মা এদিন ৫০ ওভারের ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। যুবরাজ সিংয়ের প্রিয় ছাত্র শেষ পর্যন্ত ৪২ বলে ৭০ রান করে আউট হন। অভিষেক হাঁকান ৬টি বিশাল ছক্কা ও ৬টি বাউন্ডারি।

৯৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ভারতীয় এ দল

পাকিস্তান এ দলের বিরুদ্ধে এদিন দারুণ ইনিংস খেলে টি-২০-র পর দেশের ওয়ানডে দলে জায়গা পাওয়ার দাবি জোরাল করলেন অভিষেক। তবে অভিষেকের বিস্ফোরক ইনিংসের পরেও চাপে রয়েছে ভারতীয় এ দল। ৯৩ রানে ৩ উইকেট হারানো দলের ভরসা এখন অধিনায়ক তিলক ভর্মা, কুমার কুশাগ্রা। রয়েছেন রিঙ্কু সিং, শাহবাজ আহমেদও।

পাকিস্তান এ দলের লড়াকু ব্যাটিং

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মাজ সাদাকত (৫৯) ও শামিল হুসেন (৩৩) শুরুটা ভাল করেন। চার নম্বরে নেমে ৭৯ রানের দারুণ ইনিংস খেলেন হাসান নওয়াজ। কার্যকরী ইনিংস খেলেন ফারহান ইউসুফ (৪৮ বলে ৫৬)। হর্ষিত রানা, প্রিন্স যাদব, সূর্যাংশ শেদগে ও বিপুল নিগম ২টি করে উইকেট নেন। আয়ুষ বাদোনি ১৮ রান দিয়ে নেন ১টি উইকেট। ১০ ওভারে ৭৭ রান দেন হর্ষিত রানা।

নেপালকে ৩০৬ রানে হারিয়েছিলেন তিলকরা

প্রসঙ্গত, গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে ২৬ রপানে অল আউট করে ৩০৬ রানের রেকর্ড ব্যবধানে জিতেছিলেন তিলক ভর্মা-রা। এই গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তান এ দল ৬১ রানে হারিয়েছিল ইউএই-কে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা এ, বাংলাদেশ এ. আফগানিস্তান এ ও হংকং।