
IPL News: মে মাসে ভারতের বিভিন্ন শহরে তাপপ্রবাহ ও বৃষ্টির প্রকোপ এড়াতে আগামী মরসুম থেকে আইপিএল-এর সময় বদলানোর পরিকল্পনা করছে বিসিসিআই (BCCI)। প্রচণ্ড গরমে খেলোয়াড়দের যেমন সমস্যা হয়, তেমনই দর্শকদেরও সমস্যায় পড়তে হয়। তাছাড়া বৃষ্টি হলে ম্যাচে বিঘ্ন ঘটা, এমনকী ম্যাচ ভেস্তে যাওয়ার ঘটনাও দেখা যায়। এবারের আইপিএল-এই (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (Kolkata Knight Riders vs Punjab Kings) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। একাধিক ম্যাচে বিঘ্ন ঘটেছে। এই কারণেই নতুন পরিকল্পনা করছে বিসিসিআই। কিছুদিন আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) বলেছিলেন, ২০২৮ সাল থেকে আইপিএল-এ ম্যাচের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা করা হচ্ছে। তবে আপাতত আবহাওয়ার সঙ্গে মোকাবিলা করার কথা ভাবা হচ্ছে।
চলতি আইপিএল শুরু হয় ২৮ মার্চ। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আগামী মরসুমে মার্চের মাঝামাঝি সময়ে শুরু করা হতে পারে আইপিএল। তবে এই পরিকল্পনা কার্যকর করা কঠিন। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি দেখে তবেই আইপিএল-এর সূচি ঠিক করতে হবে। বিদেশি ক্রিকেটারদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার বিষয়ও রয়েছে। সব পরিকল্পনা কার্যকর করতে পারলে তবেই আগামী মরসুমে এগিয়ে আসবে আইপিএল।
বিসিসিআই সচিব বলেছেন, ‘আমরা এখন ম্যাচের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছি না। কারণ, গত কয়েক মরসুমে দুই মাসেরও বেশি সময় ধরে চলেছে আইপিএল। এ বছর দুই মাস দুই দিন ধরে চলেছে আইপিএল। গত বছর এক সপ্তাহ ম্যাচ বন্ধ থাকায় বেশিদিন ধরে চলেছিল আইপিএল। ৩১ মে-র পরেও আইপিএল চললে বিভিন্ন জায়গায় যেমন বৃষ্টির লক্ষণ থাকে, তেমনই প্রচণ্ড তাপমাত্রাও থাকতে পারে। এ বিষয়েই আমরা ভাবছি। এই কারণে আমরা ১৫ দিন আগে আইপিএল শুরু করার কথা ভাবছি। আগামী মরসুমে ১৫ মার্চ শুরু হতে পারে আইপিএল।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।