
Japan Cricketer Abhishek Anand: ভারতের বিরুদ্ধে আগামীকাল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। আর এই ম্যাচের আগেই বৈভব সূর্যবংশী এবং ঈশান কিষাণের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন জাপানের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার অভিষেক আনন্দ (Japan Cricketer Abhishek Anand)। বিহারে জন্ম নেওয়া অভিষেক কাজের সূত্রে জাপানে পাড়ি দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর সবচেয়ে প্রিয় খেলোয়াড় হলেন সূর্যবংশী। সুযোগ পেলে তিনি তাদের সঙ্গে দেখা করতে চান। এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের বিরুদ্ধে যে জাপান স্কোয়াড খেলবে, তাতে অভিষেক সুযোগ না পেলেও তিনি দলের সঙ্গেই থাকবেন।
নিজের মনের কথা বলতে গিয়ে অভিষেক বলেন, "এখন সবার প্রিয় খেলোয়াড় বৈভব সূর্যবংশী। তবে এটা ঠিক যে ভারতীয় দলের সব খেলোয়াড়ই সমানভাবে দুর্দান্ত। আমি আমার বিহারি ভাই ঈশান কিষাণ আর সূর্যবংশীর সঙ্গে দেখা করতে চাই। ভারতীয় দলকে আতিথেয়তা দেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। আমি আশা করি, ভবিষ্যতেও ভালো পারফর্ম করার জন্য ভারত-জাপান সম্পর্ক এভাবেই মজবুত থাকবে।"
ক্রিকেটের প্রতি ভালোবাসাই অভিষেককে ভারত থেকে জাপানে নিয়ে গিয়েছে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, "জাপানে আমার এই সফরটা সত্যিই অবিশ্বাস্য। আমি কখনও ভাবিনি যে আমি জাপান দলের হয়ে খেলব। আমাদের কলেজে প্লেসমেন্টের সময় জাপানি কোম্পানিগুলো এসেছিল। আমরা কখনও ভাবিনি যে কাজের জন্য বিদেশে যাব। যখন আমি সিলেক্ট হলাম, তখন অফারটা নেব কি নেব না, সেটা ঠিক করার জন্য আমাকে মাত্র দু'ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এরপর আমি জাপানের ক্রিকেটের পরিবেশ নিয়ে খোঁজখবর নিই।"
তিনি আরও বলেন, "কাকতালীয়ভাবে সে বছরই জাপান দল ইস্ট এশিয়া-প্যাসিফিক বিশ্বকাপ বাছাইপর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিল। জাপানেও যে ক্রিকেটের ভবিষ্যৎ আছে, সেটা বুঝতে পেরে আমি সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নিই। দু'ঘণ্টা পর আমি অফারটা গ্রহণ করে জাপানে চলে যাই।" জাপানে পৌঁছানোর পর তিনি টোকিও ফ্যালকন ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করেন। প্রথম তিন বছর সেখানে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। আর এই ভালো খেলার সুবাদেই জাপানের জাতীয় দল থেকে তাঁর কাছে ডাক আসে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।