
IPL 2026: সমস্যা মিটিয়ে চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) কাছ থেকে আইপিএল-এ যোগ দেওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। তাঁর কেকেআর-এ যোগ দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হচ্ছে কেকেআর-এর। এই ম্যাচের আগেই দলে যোগ দিতে পারেন পাথিরানা। এমনকী, তিনি সিএসকে-র বিরুদ্ধে খেলতেও পারেন। ২৩ বছর বয়সি এই পেসার টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি এই ফর্ম্যাটে অত্যন্ত কার্যকরী। ফলে এই পেসার দলে যোগ দিলে বোলিং বিভাগের সমস্যা মিটবে বলে আশা করছে কেকেআর শিবির।
টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন কাফ মাসলে চোট পান পাথিরানা। এই চোটের কারণেই তাঁকে এতদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেস টেস্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যে ক্রিকেটাররা বিদেশের লিগে খেলতে যাচ্ছেন. তাঁদের কঠোর ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতেই হবে। এই নিয়মের গেরোতেই এতদিন 'এনওসি' পাচ্ছিলেন না পাথিরানা। তবে এবার তিনি কেকেআর-এ যোগ দেওয়ার অনুমতি পেলেন। হর্ষিত রানা (Harshit Rana) ও আকাশ দীপও (Akash Deep) চোট পেয়েছেন। ফলে পেস বোলিং নিয়ে সমস্যায় কেকেআর। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাথিরানার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল। এবার সেই দৌত্যের ফল পাওয়া গেল।
চলতি আইপিএল-এ চার ম্যাচ খেলে এখনও জয় পায়নি কেকেআর। তিন ম্যাচে হেরে গিয়েছে তারা। এক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। শুধু সেই ম্যাচেই পয়েন্ট এসেছে। লিগ টেবলে সবার শেষে কেকেআর। এই পরিস্থিতিতে উপরের দিকে যেতে হলে জয় ছাড়া উপায় নেই। সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে কেকেআর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।