
Kuldeep Yadav News: কাউন্টি চ্যাম্পিয়নশিপে (County Championship) ইয়র্কশায়ারের হয়ে এসেক্সের বিরুদ্ধে (Yorkshire vs Essex) ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন কুলদীপ যাদব। দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ৪/৭০ ও ৬/৫০। ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার। তাঁর দাপটেই এসেক্সের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। জবাবে ইয়র্কশায়ার করে ৩৯০ রান। ব্যাট হাতেও অবদান রাখেন কুলদীপ। তিনি ৩৬ রান করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) বার্তা দিলেন কুলদীপ। তিনি ভারতীয় দলে বারবার উপেক্ষিত হচ্ছেন। গম্ভীর এমন বোলারদের দলে রাখতে চান, যাঁরা ব্যাটিংও করতে পারেন। ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং করে কুলদীপ বুঝিয়ে দিলেন, তিনি সুযোগ পেলে দলকে হতাশ করবেন না।
ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর ইয়র্কশায়ার ক্রিকেট টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, 'বোলিংয়ের জন্য উইকেট দারুণ ছিল। এখানে গতি আদায় জন্য খুব বেশি জোরে বল ছাড়ার প্রয়োজন হয় না। কারণ, উইকেটেই যথেষ্ট গতি রয়েছে। বল পিচ করার পর দ্রুততা দেখা যায়। তাই শুধু বলটাকে ঘোরাতে হবে এবং প্রচুর রেভস দিতে হবে। শেষপর্যন্ত সেটাই ছিল মূল বিষয়।' ভারতের সঙ্গে ইংল্যান্ডের পরিস্থিতির পার্থক্যও তুলে ধরেন কুলদীপ। তাঁর কথায়, 'ভারতের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এটা সম্পূর্ণ আলাদা। দেশে বল করলে অনেক বেশি স্পিন পাওয়া যায়। কিন্তু উইকেট তুলনামূলকভাবে ধীরগতির হয়। ফলে ব্যাটাররা অনেক সময় নিজেদের মানিয়ে নিতে পারে। এখানে উইকেটে গতি থাকায় ব্যাটাররা যদি ব্যাকফুটে যেতে চায়, তাহলে সমস্যায় পড়ে। ওদের ফ্রন্টফুটে খেলতে হয়। সেখানেই ক্যাচ আউট করার সুযোগ বেশি থাকে। উইকেটকিপারের হাতে, স্লিপে বা শর্ট লেগে ক্যাচ উঠতে পারে।'
বিশ্ব ক্রিকেটেই বাঁহাতি রিস্ট স্পিনার খুব বেশি দেখা যায় না। ভারতেও এমন বোলার খুঁজে পাওয়া কঠিন। বিরল প্রতিভা থাকা সত্ত্বেও ২০১৭ সালে টেস্ট অভিষেকের পর এখনও পর্যন্ত ভারতের হয়ে মাত্র ১৭টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন কুলদীপ। তবে তিনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করে চলেছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।