ACC Men's U19 Asia Cup 2026: শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে জয় পেল ভারতীয় দল। ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে বাউন্ডারি মেরে জয় পেল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে এই রুদ্ধশ্বাস জয়ে সারা দেশ খুশি। যুব ক্রিকেটারদের বন্দনা শুরু হয়েছে।
India U19 vs Pakistan U19: প্রতিপক্ষ পাকিস্তান। মঞ্চ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) ফাইনাল। শেষ বলে দরকার তিন রান। এই পরিস্থিতিতে যে কোনও ক্রিকেটারেরই স্নায়ুর চাপে ভোগার কথা। কিন্তু গুজরাটের (Gujarat) জামনগরের (Jamnagar) ছেলে মোহিত উলভা (Mohit Ulva) কোনওভাবেই স্নায়ুর চাপকে গুরুত্ব দিলেন না। তিনি পাকিস্তানের আহমেদ হুসেনের বলে বাউন্ডারি মেরে ভারতীয় দলকে জয় এনে দিলেন। ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন মোহিত। তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। শেষ উইকেট জুটিতে চিগুরুপতি ভেঙ্কটার (Chigurupati Venkata) সঙ্গে লড়াই করে ভারতীয় দলকে ম্যাচ জেতান মোহিত। তিনি এই ইনিংসের সুবাদে সারা দেশের নায়ক হয়ে উঠেছেন।
ভারতকে অবিশ্বাস্য জয় এনে দিলেন মোহিত
শনিবার ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৭ ওভারে ২৫২ রানে আট উইকেট খুইয়ে বসে ভারতীয় দল। সেই সময় ১৩ ওভারে ভারতের দরকার ছিল ৮৬ রান। হাতে ছিল দু'উইকেট। সেই পরিস্থিতিতে মানাল চৌহানের (Manal Chauhan) সঙ্গে জুটি বাঁধেন মোহিত। ৪৭.২ ওভারে ৩২ বলে ৪৭ রান করে আউট হয়ে যান মানাল। এই জুটিতে যোগ হয় ৫৭ রান। কিন্তু মানাল আউট হয়ে যাওয়ার পরেও ভারতের দরকার ছিল ২৯ রান। ভেঙ্কটার সঙ্গে জুটি বেঁধে শেষ বলে ভারতকে জয় এনে দেন মোহিত।
বড় ক্রিকেটার হয়ে ওঠার লক্ষ্যে মোহিত
কোচ মহেন্দ্র সিং চৌহানের তত্ত্বাবধানে ক্রিকেট বাংলো অ্যাকাডেমিতে খেলা শুরু করেন মোহিত। এই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। চলতি বছরে অস্ট্রেলিয়ার (Australia) অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুব টেস্টে অভিষেক হয় মোহিতের। সেই ম্যাচে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেন এই কিশোর। তিনি শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সীমিত ওভারের সিরিজেও খেলেছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে এই ইনিংস খেলার পর তারকা হয়ে উঠলেন মোহিত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














