MI vs KKR 2026: ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি লড়াই! মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স মহারণ, এগিয়ে কারা?

Published : Mar 29, 2026, 02:43 PM IST
MI vs KKR 2026: ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি লড়াই! মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স মহারণ, এগিয়ে কারা?

সংক্ষিপ্ত

MI vs KKR 2026: রোহিতের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন কুইন্টন ডি কক। এরপর সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া এবং নমন ধীরের মতো ব্যাটাররা তো আছেনই। নিঃসন্দেহে বড় স্কোর করার জন্য পাওয়ারহাউজ পুরো তৈরি। অন্যদিকে, কলকাতার ব্যাটিং লাইনআপে আছেন ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের মতো বিধ্বংসী তারকা। 

MI vs KKR 2026: মেগা টি-২০ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রবিবার মহারণ। আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (mi vs kkr 2026)। অর্থাৎ, একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই এবং অপরদিকে তিনবারের ট্রফি জেতা কলকাতা। ফলে, ওয়াংখেড়েতে যে হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে রয়েছে, সেই কথা বলাই বাহুল্য (mumbai indians vs kolkata knight riders players)। 

তাছাড়া মুম্বইয়ের ক্ষেত্রে এই সিজনটা সম্মানের লড়াই। গত পাঁচ বছরের ব্যর্থতা ভুলে তারা এবার কার্যত, ট্রফি জিততে মরিয়া। প্রসঙ্গত, এই ম্যাচে সবার নজর রোহিত শর্মার দিকে। পুরোপুরি ফিট হয়ে মাঠে নামা রোহিত ব্যাট হাতে ঝড় তুলবেন বলেই আশা করছে ক্রিকেটপ্রেমী জনতা। 

 

 

রোহিতের সঙ্গে ওপেন করবেন কুইন্টন ডি কক

পাশাপাশি রোহিতের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন কুইন্টন ডি কক। এরপর সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া এবং নমন ধীরের মতো ব্যাটাররা তো আছেনই। নিঃসন্দেহে বড় স্কোর করার জন্য পাওয়ারহাউজ পুরো মজুত আছে।

অন্যদিকে, গত বছর আট নম্বরে শেষ করার হতাশা এবার মেটাতে চাইবে নাইটরা। তাদের ব্যাটিং লাইনআপে আছেন ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের মতো বিধ্বংসী তারকা। ২৫ কোটি টাকার বিনিময়ে দলে আসা ক্যামেরন গ্রিনের কাছ থেকে দল চাইছে একটা ম্যাচ জেতানো পারফরম্যান্স। তরুণ তুর্কি অঙ্গকৃশ রঘুবংশীর ব্যাটের দিকেও তাকিয়ে আছেন সমর্থকরা। শোনা যাচ্ছে, প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরিও করেছেন তিনি।

পেস বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে, মুম্বই অনেকটাই এগিয়ে। বুমরা এবং বোল্টের 'ডবল ইঞ্জিন' তো আছেই। সেইসঙ্গে, দীপক চাহার, শার্দূল ঠাকুর এবং হার্দিক পান্ডিয়াও আছেন এই দলে। উল্টোদিকে, কলকাতার পেস বিভাগ কিছুটা চোট-আঘাতে জর্জরিত। হর্ষিত এবং আকাশদীপ চোটের কারণে কার্যত, দলের বাইরে। 

 

 

এগিয়ে কারা? 

শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাও দেরিতে যোগ দেবেন স্কোয়াডে। আপাতত কার্তিক ত্যাগী আর বৈভব অরোরার উপরেই ভরসা রাখতে হচ্ছে কলকাতাকে। তবে স্পিন বিভাগে আবার কলকাতাই এগিয়ে। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীকে সামলে খেলতে না পারলে মুম্বই বিপদে পড়তে পারে।

অধিনায়কত্বের লড়াইয়েও দুই দল প্রায় সমান-সমান। রোহিত-সূর্যদের সামলে অধিনায়কত্ব করা হার্দিকের জন্য এই সিজনটা খুব গুরুত্বপূর্ণ। কামব্যাক করে ট্রফি জেতার জন্য এটাই হয়ত অসাধারণ একটি সুযোগ। অন্যদিকে, কেকেআর শিবিরে অধিনায়ক অজিঙ্ক রাহানের ফর্ম একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে রাহানে জ্বলে না উঠলে, দলের মাথাব্যথা বাড়তে পারে। সম্ভবত সেই কারণেই, সহ-অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংকে তৈরি রাখা হয়েছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, আইপিএল-এর মঞ্চে মোট ৩৫ বার দুই দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২৪ বার জিতেছে মুম্বই এবং কলকাতা জয় পেয়েছে মাত্র ১১টি ম্যাচে। তবে শেষ ১০টি ম্যাচে, দুই দলই পাঁচটি করে ম্যাচ জিতে সমান-সমান জায়গায় রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: '২ বছরের নির্বাসন যথেষ্ট নয়,' আইপিএল থেকে নাম তুললে কঠোরতর সাজা চান গাভাসকর
Virat Kohli: 'টেস্টে অধিনায়ক হিসেবে ফিরে আসা উচিত,' বিরাটের প্রশংসায় রায়াডু