
IPL 2026 Rules: আইপিএল থেকে কোনও ক্রিকেটার নাম তুলে নিলে পরবর্তী দুই মরসুমের জন্য সংশ্লিষ্ট ক্রিকেটারকে নির্বাসিত করাই যথেষ্ট নয়। আরও কঠোর শাস্তির দাবি জানালেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে, এখন আইপিএল থেকে নাম প্রত্যাহারের জন্য যে সাজার ব্যবস্থা করেছে বিসিসিআই (BCCI), তা সংশোধন করা উচিত। কোনও ক্রিকেটার আইপিএল-এর নিলামের (IPL 2026 Auction) মাধ্যমে কোনও এক ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাওয়ার পর নাম প্রত্যাহার করে নিলে কঠোরতর শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন গাভাসকর। তিনি বলেছেন, 'বিসিসিআই-কে এ বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে। কারণ, দু'বছরের নির্বাসন কাজ করছে না। এমন কিছু করতে হবে যার প্রভাব পড়বে। যতক্ষণ না খেলোয়াড়ের উপর প্রভাব পড়ছে এবং তার আইপিএল-এ প্রত্যাবর্তনের সম্ভাবনা থাকবে না, ততক্ষণ কাজ হবে না।'
ইংল্যান্ডের (England) উইকেটকিপার-ব্যাটার বেন ডাকেট (Ben Duckett) এবারের আইপিএল-এর নিলামে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) জায়গা পেয়েছিলেন। তাঁর দর উঠেছিল দু'কোটি টাকা। কিন্তু তিনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলার মন দিতে চান। এই কারণেই আইপিএল-এ খেলবেন না। ইংল্যান্ডের এই ক্রিকেটারের সমালোচনা করে গাভাসকর বলেছেন, ‘বেন ডাকেট অ্যাশেজ সিরিজে (Ashes series) খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ও যদি দ্য হান্ড্রেডের নিলামে (The Hundred Auction) বেশি অর্থ না পেত, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হত। এটা সবাই বুঝতে পারছে। ও দ্য হান্ড্রেডে খুব ভালো দর পেয়েছে। ও হয়তো সেই অর্থ হারাতে চায়নি। এই কারণেই ও বলছে, ইংল্যান্ডের হয়ে টেস্ট কেরিয়ারে মন দিতে চায়।’
ডাকেটের আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইংল্যান্ডের অপর এক ক্রিকেটার হ্যারি ব্রুক (Harry Brook)। আইপিএল নিলামে তাঁর দর উঠেছিল ৬.২৫ কোটি টাকা। কিন্তু তারপরেও আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন এই ক্রিকেটার। এই কারণেই কঠোরতর শাস্তি চাইছেন গাভাসকর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।