
IPL 2027: আচমকা পরিস্থিতি না বদলালে আইপিএল-এর আগামী মরসুমেও চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) থাকছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই কিংবদন্তি নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। বেঙ্গালুরুতে (Bengaluru) স্বাস্থ্য বিষয়ক এক অনুষ্ঠানে এই কিংবদন্তি বলেছেন, 'ডাক্তার, আমাকে আগে শারীরিক পরীক্ষা করাতে হবে। আপনারা রিপোর্ট দেবেন। তারপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে, আরও এক মরসুম খেলার মতো শক্তি আমার শরীরে আছে কি না।' নিজেকে পুরনো গাড়ির সঙ্গে তুলনা করে ধোনি বলেছেন, 'যদি সেই সক্ষমতা না থাকে, তাহলে আপনাদেরই নিশ্চিত করতে হবে যে আমার সঙ্গে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে, যাতে এই পুরনো ভিন্টেজ গাড়িটা আরও এক বছর রাস্তায় চলতে পারে। তাই সমস্ত চাপ ওদের উপরেই।' ধোনির এই মন্তব্যেই স্পষ্ট, আইপিএল থেকে অবসরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে শারীরিক সক্ষমতাই যে তাঁর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, তা বুঝিয়ে দিয়েছেন।
ধোনিকে আইপিএল-এর আগামী মরসুমেও খেলবেন বলে আশাবাদী সিএসকে সিইও কাশী বিশ্বনাথন (CSK CEO Kasi Viswanathan)। তবে তিনি ধোনির উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছেন। সিএসকে সিইও বলেছেন, 'এই প্রশ্নটা ওকেই করতে হবে। আমাকেও ওকে জিজ্ঞাসা করতে হবে। চেন্নাইয়ে আসার পর ও সাধারণত আমাদের নিজের সিদ্ধান্ত জানায়। আমার মনে হয়, সিএসকের হয়ে ওর খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ও এখনও একজন ক্রিকেটার।'
আইপিএল-এ গত দুই মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি সিএসকে। দলের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন ধোনি। তিনি বলেছেন, 'গত দু’বছর ধরে আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি, এটা সত্যি। এই সত্যিটা এড়িয়ে যাওয়ার কোনও মানে নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) সত্যিই খুব ভালো খেলেছে। জীবনও এমনই। ভালো সময় আসে, খারাপ সময়ও আসে। কিন্তু সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসছ, দল হিসেবে কোন কোন জায়গায় উন্নতি করতে চাইছ, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' ধোনির মতে, দলের পারফরম্যান্স উন্নত করতে হলে প্রথমেই চোটের সমস্যা কমাতে হবে। পাশাপাশি, ফিট ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টে পাওয়া এবং প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাও অত্যন্ত জরুরি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।