MS Dhoni: 'খুব কম ক্রিকেটারই দেশের জন্য এতটা করতে পেরেছেন,' ধোনিকে কুর্ণিশ ঈশানের

Published : Nov 24, 2026, 12:33 PM IST
MS Dhoni IPL Retirement

সংক্ষিপ্ত

MS Dhoni Retirement: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমে আর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) খেলোয়াড় হিসেবে থাকবেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁকে এবার মেন্টর হিসেবে দেখা যাবে। এই কিংবদন্তি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ায় হতাশ সিএসকে শিবির।

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএল (IPL 2027) থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ায় তাঁর অনুরাগীদের মতোই হতাশ ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। তাঁর মতে, কখন ক্রিকেটকে বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে ধোনির। অবসরের ঘোষণায় অনুরাগী থেকে শুরু করে সতীর্থ, সবারই মন খারাপ। তবে ধোনির অনুপস্থিতিতে আক্ষেপ না করে দেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদান উদযাপন করা উচিত বলেই মনে করেন ঈশান। সোমবার পাটনায় (Patna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈশান বলেন, ‘হ্যাঁ, ধোনি অবসর নিয়েছেন। আমার জানা মতে, তাঁর অবসরের সময় এসে গিয়েছিল। তিনি নিজেই মনে করেছেন এটাই সঠিক সময়।’

ধোনির অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন ঈশান

ধোনির অবদান যে শুধুমাত্র ট্রফি জয় কিংবা রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন ঈশান। তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করা এবং একটা পুরো প্রজন্মের কাছে আদর্শ হয়ে ওঠাই ধোনির অন্যতম বড় কৃতিত্ব বলে মনে করেন তিনি। ঈশানের কথায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দেশের জন্য ধোনি কতটা দিয়েছেন, কীভাবে খেলেছেন এবং তরুণ ক্রিকেটারদের কতটা অনুপ্রাণিত করেছেন, সেটা আমাদের সবার বোঝা উচিত। অবসরের ঘোষণায় স্বাভাবিকভাবেই সকলের খারাপ লেগেছে। তবে মাঠে কিংবা টেলিভিশনের পর্দায় তাঁকে আমরা দেখতে পাব। দেশের জন্য তিনি যা করেছেন, তা নিয়ে গর্ব ও আনন্দ হওয়া উচিত। খুব কম ক্রিকেটারই দেশের জন্য এতটা করতে পেরেছেন।’ ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ধোনির অবদান এবং প্রভাব যে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটে থেকে যাবে, সেটাই মনে করিয়ে দিলেন ঈশান।

নিজেই সরে যেতে চেয়েছেন ধোনি

এদিকে, আইপিএল ২০২৭-এর রিটেনশন প্রক্রিয়ার আগেই ধোনি নিজে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কর্তৃপক্ষকে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার রূপা গুরুনাথ। শনিবার দলের রিলিজ ও রিটেনশন নিয়ে ভিডিও কলে আলোচনার সময় ধোনি নিজেই মুক্তি পাওয়া ক্রিকেটারদের তালিকায় তাঁর নাম রাখার কথা বলেন। রূপা বলেছেন, ‘আপনারা বিশ্বাস করবেন না, ধোনি কথাটা বলার সঙ্গে সঙ্গেই ভিডিও কল বন্ধ হয়ে যায়। আমি আবার ফোন করে বলেছিলাম, জানেন তো, আগামী মরসুমে ধোনি খেলতে পারবেন না, এটা ইন্টারনেটও সহ্য করতে পারল না!’ ক্রিকেটার হিসেবে অবসর নিলেও, এবার সিএসকে-র মেন্টর হিসেবে কাজ করবেন ধোনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Punjab Kings: আইপিএল-এর প্রস্তুতি, পাঞ্জাব কিংসে বড় দায়িত্বে বাংলার প্রাক্তন কোচ
New Zealand vs India: হ্যামস্ট্রিংয়ে চোট, দ্বিতীয় টেস্টে নেই ব্লেয়ার টিকনার