
Sachin Tendulkar-MS Dhoni: আইপিএল-এ (IPL) মহেন্দ্র সিং ধোনির ১৯ বছরের বর্ণময় কেরিয়ারে ইতি পড়েছে। প্রতিযোগিতায় ক্রিকেটার হিসেবে নিজের যাত্রা শেষ করার ঘোষণা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই ঘোষণার পরেই ধোনিকে আবেগঘন বার্তায় বিদায় জানালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ধোনির কেরিয়ারের শুরুর দিনগুলির স্মৃতিচারণ করে সচিন জানিয়েছেন, বাংলাদেশের (Bangladesh) মাটিতে তাঁকে ব্যাট করতে দেখেই তাঁর প্রতিভা সম্পর্কে ধারণা হয়েছিল। বুধবার নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্টে সচিন লেখেন, 'বাংলাদেশে এমএস-কে ব্যাট করতে দেখার কথা এখনও মনে আছে। তখনই সৌরভকে (Sourav Ganguly) বলেছিলাম, ওর পাওয়ার হিটিংয়ে বিশেষ কিছু রয়েছে। ওর মধ্যে যে বিরল প্রতিভা রয়েছে, তা সহজেই বোঝা যেত। এরপর ওর কেরিয়ার কতটা অসাধারণ হয়ে উঠেছে! ভারতীয় ক্রিকেটের বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়া এবং তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া সত্যিই আনন্দের ছিল। আমি সব সময় বিশ্বাস করতাম, তুমি বিশেষ কিছু করবে। শেষপর্যন্ত তার থেকেও অনেক বেশি সাফল্য পেয়েছো। ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছো তুমি। এই যাত্রার অংশ হতে পেরে দারুণ লেগেছে। খুব ভালো খেলেছো, এমএস!'
২০০৮ সালে আইপিএল-এর প্রথম সংস্করণ থেকেই এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন ৪৫ বছর বয়সি ধোনি। তবে ক্রিকেটার হিসেবে আইপিএল-কে বিদায় জানালেও নতুন ভূমিকায় চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে তাঁর সম্পর্ক বজায় থাকছে। ২০২৭ মরসুমের আগে তাঁকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে সিএসকে। আইপিএল-এর অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ধোনি ১৭টি মরশুম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। তবে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি নির্বাসিত থাকায় তাঁকে খেলতে হয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টের (Rising Pune Supergiant) হয়ে। ২০১৮ সালে সিএসকে-তে ফিরে প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই—২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে। পাশাপাশি ২০১০ ও ২০১৪ সালে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ (Champions League T20) ট্রফিও জিতেছিল সিএসকে। ২০২৪ মরসুমের আগে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) হাতে অধিনায়কত্ব তুলে দিলেও উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ধোনি। ২০২৫ মরসুমে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ছিল তাঁর শেষ আইপিএল ম্যাচ। এরপর কাফ মাসলে চোটের কারণে ২০২৬ সালের আইপিএল-এ কোনও ম্যাচেই খেলতে পারেননি তিনি।
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have.
It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more.
You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
— Sachin Tendulkar (@sachin_rt) November 18, 2026
আইপিএল-এ মোট ২৭৮টি ম্যাচ খেলে ধোনি ৫,৪৩৯ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। আইপিএল-এ ২৪টি অর্ধশতরান করেছেন ধোনি। তিনি ২৬৪টি ছক্কা মেরেছেন। ম্যাচের শেষদিকে বিধ্বংসী ব্যাটিং, ক্ষুরধার নেতৃত্ব এবং অসাধারণ উইকেটকিপিং, সবমিলিয়ে আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার হয়ে ওঠেন। সিএসকে সমর্থকদের কাছে ধোনি শুধু একজন ক্রিকেটার নন, আবেগের আরেক নাম। ‘থালা’ হিসেবে পরিচিত এই তারকার সঙ্গে শহর ও সমর্থকদের সম্পর্কও হয়ে উঠেছিল বিশেষ। এ বার সেই ধোনিই নতুন ভূমিকায় দলের পাশে থাকবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।