2018 Sandpapergate: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলের (South Africa vs Australia Test Match) একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ ওঠে। আট বছর পর সেই ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুললেন বল-বিকৃতির অন্যতম খলনায়ক ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft)।

Cricket Australia: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে কেপটাউন (Cape Town) টেস্টে বল বিকৃতির ঘটনায় ফের উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। 'স্যান্ডপেপারগেট' (Sandpapergate) নামে পরিচিত সেই বিতর্কে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft)। তাঁর বিস্ফোরক দাবি, বল-বিকৃতির বিষয়টি শুধু তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith), সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) এবং তিনি নিজে জানতেন, এমনটা নয়। দলের প্রত্যেকেই এই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। এমনকী ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিক তদন্তের সময় সতীর্থদের জড়িয়ে না ফেলতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপনও করেছিলেন বলে স্বীকার করেছেন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার উসমান খাজার (Usman Khawaja) আত্মজীবনী 'সবর' (Sabr)-এ ২০১৮ সালের সেই বল বিকৃতি কাণ্ড নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছে। খাজার বক্তব্য, এই ঘটনার দায় কোনওভাবেই শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের উপর চাপানো যায় না। পুরো দলেরই এর দায় নেওয়া উচিত। তাঁর দাবি, কেপটাউন টেস্টের আগের পোর্ট এলিজাবেথ (Gqeberha) টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। এমনকী, ২০১৭-১৮ মরসুমে ঘরের মাঠে অ্যাশেজ (2017/18 Ashes) সিরিজেও বলের সিমের এক-চতুর্থাংশ তুলে দিয়ে রিভার্স সুইং আদায়ের চেষ্টা করা হয়েছিল।

নতুন পদক্ষেপ ক্রিকেট অস্ট্রেলিয়ার

এরই মধ্যে বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সদস্যদের বক্তব্য ও অভিজ্ঞতা শোনার জন্য একটি 'স্বাধীন ফোরাম' গঠন করা হবে। আট বছর আগে বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া সেই বিতর্কের নেপথ্যের ঘটনা জানতে এই উদ্যোগ। এবার সেই বিতর্কে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন বল বিকৃতির ঘটনায় শাস্তিপ্রাপ্ত ব্যানক্রফট। 'দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান' সংবাদপত্রে লেখা এক কলামে ৩৩ বছর বয়সি ব্যানক্রফট জানিয়েছেন, কেপটাউন টেস্টে ক্যামেরায় ধরা পড়ার আগের সন্ধেবেলা দলের সামনে তাঁর ভূমিকার কথা স্বীকার করা হয়েছিল। তাঁর কথায়, ‘শুধু আমরা তিনজন—স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং আমি—দক্ষিণ আফ্রিকায় বলের উপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতাম, তা নয়। পুরো দলই জানত।’ প্রাথমিক তদন্তের সময় পুরো সত্যি সামনে আনেননি বলেও স্বীকার করেছেন তিনি। সতীর্থদের জড়িয়ে না ফেলা এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে রক্ষা করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন বলে জানিয়েছেন ব্যানক্রফট। তাঁর কথায়, ‘স্যান্ডপেপার ব্যবহার কবে শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং এই ঘটনায় অন্যদের ভূমিকা ও তাঁদের কতটা জানা ছিল—এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি গোপন করেছিলাম।’ এই ঘটনার জেরে তাঁর ক্রিকেট কেরিয়ার কার্যত ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন ব্যানক্রফট। পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) সাম্প্রতিক সাংবাদিক বৈঠক নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শুক্রবারের সেই সাংবাদিক বৈঠকে খাজার দাবিগুলিকে 'সম্পূর্ণ অর্থহীন' বলে উড়িয়ে দিয়েছিলেন কামিন্স। ব্যানক্রফটের দাবি, কামিন্সের সেই মন্তব্যই তাঁকে এত দিন পর মুখ খুলতে বাধ্য করেছে। তিনি লিখেছেন, 'নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনার ক্ষেত্রে শেষ ধাক্কাটা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্সের সাংবাদিক বৈঠক। বিষয়টি আমাকে ক্ষুব্ধ, বিশ্বাসভঙ্গের শিকার এবং একাকী বোধ করিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, যা অনুভব করেছি এবং যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, কামিন্স-সহ সেই সফরে থাকা অন্যদের ভূমিকা সম্পর্কে তাঁর সাংবাদিক বৈঠকে দেওয়া বক্তব্য কিংবা গত কয়েক বছরে প্রকাশ্যে বলা কথার সঙ্গে তার মিল নেই।'

খাজাকে সমর্থন ব্যানক্রফটের

খোয়াজার দাবির সমর্থনে নিজের কাছেও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি ও তথ্য রয়েছে বলে জানিয়েছেন ব্যানক্রফট। তাঁর কথায়, ‘উসমান ইতিমধ্যেই যা বলেছে, তার বাইরেও আমার কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে, যা ওর বক্তব্যকে সমর্থন করে।’ ব্যানক্রফটের দাবি, এই ঘটনায় তাঁকেই গোটা দলের 'বলির পাঁঠা' করা হয়েছিল। কেপটাউন টেস্টের পর দলের একটি বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি জানিয়েছেন, সেখানে কেউ উঠে দাঁড়িয়ে বলেননি যে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সম্পর্কে তাঁরা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। ব্যানক্রফটের বক্তব্য, দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ এবং নিউল্যান্ডসে খেলার সময় মাঠের মধ্যে বলের অবস্থা নিয়ে বোলারদের সঙ্গে তাঁর একাধিক কথোপকথন হয়েছিল। সেই স্মৃতি এবং বলের রিভার্স সুইং নিয়ে তাঁদের প্রতিক্রিয়া ২০২১ সালের বিবৃতির সঙ্গে মেলানো তাঁর পক্ষে কঠিন ছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠে বোলারদের সঙ্গে হওয়া কথোপকথন, বলের অবস্থা নিয়ে তাঁদের প্রতিক্রিয়া এবং একসঙ্গে সাফল্য উদযাপনের স্মৃতি রয়েছে আমার। তাই ওই বিবৃতিটি মেনে নেওয়া আমার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল।’ খাজার আরও একটি অভিযোগও সত্যি বলে দাবি করেছেন ব্যানক্রফট। তাঁর বক্তব্য, কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে তৎকালীন বোলিং কোচ ডেভিড সেকার তাঁকে আরও বেশি করে স্যান্ডপেপার ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।