New Zealand ODI Squad: ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন, লকি ফার্গুসন এবং টিম সেইফার্ট ওয়ানডে দলে ফিরেছেন। রচিন রবীন্দ্র চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। তবে তিনি প্রথম তিনটে ওয়ানডের দলে জায়গা পেয়েছেন। এই সিরিজ আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হচ্ছে। নিউজিল্যান্ড প্রথম তিনটে ওয়ানডে এবং শেষ দুটো ম্যাচের জন্য একেবারে আলাদা দুটো দল ঘোষণা করেছে (New Zealand ODI Squad)।
মিচেল স্যান্টনার হোয়াইট বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন। সাতজন নতুন ক্রিকেটার শেষ দুটো ওয়ানডের জন্য দলে যোগ দেবেন। আর যে ক্রিকেটাররা বাদ পড়বেন, তারা টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন। ফিন অ্যালেন এবং লকি ফার্গুসন ২০২৩ সালের পর, এই প্রথম ওয়ানডে দলে জায়গা পেলেন। ফার্গুসন শেষবার ওয়ানডে খেলেছিলেন মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে। অন্যদিকে, টিম সেইফার্ট ১৮ মাস আগে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ওয়ানডে খেলেছিলেন। এই তিন ক্রিকেটারই সিরিজের শেষ দুটো ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দেবেন। জ্যাক ফাউকস, উইলিয়াম ও'রুরক এবং বেন সিয়ার্সকে চোটের কারণে এই সিরিজে পাওয়া যাবে না। নিউজিল্যান্ড গত জানুয়ারিতে ভারতে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। সেই দলের বেশিরভাগ ক্রিকেটারই এবার নিজেদের জায়গা ধরে রেখেছেন।
নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় ওয়ানডে বিশ্বকাপ হবে। ভারতের বিরুদ্ধে এই হোম সিরিজটা তার আগে দলের বেঞ্চ স্ট্রেন্থ পরখ করে নেওয়ার একটা দারুণ সুযোগ। ভারতের বিরুদ্ধে প্রথম তিন ওয়ানডের নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
শেষ দুই ম্যাচের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।