ACC Men's U19 Asia Cup 2026: চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত। তবে ফাইনালে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার সেমি-ফাইনালে দুই দলই জয় পেল। এবার চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা।
India vs Pakistan: ২২ গজে ফের ভারত-পাকিস্তান লড়াই। এবার মঞ্চ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) ফাইনাল। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে (Afghanistan U19 vs India U19) আট উইকেটে জয় পেল ভারতীয় দল। অন্য সেমি-ফাইনালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে নয় উইকেটে জয় পেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল (Pakistan U19 vs Bangladesh U19)। শনিবার এই টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। ফাইনালে সেই হারের বদলা নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চাইবেন ভারতের যুব ক্রিকেটাররা। ফলে শনিবার ওমানের (Oman) মাটিতে ভারত-পাকিস্তান ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা যেতে পারে। সারা দেশের আশা, পাকিস্তানকে হারিয়ে দীপাবলির (Diwali 2026) উপহার দেবেন যুব ক্রিকেটাররা।
ফের নজর কাড়লেন আর্যবীর
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তারা নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২২৭ রান করে। উইকেটকিপার নোমান সালারজাই (Noman Salarzai) ৫১ রান করেন। শাহ ফয়সল রাহিমিও (Shah Faisal Rahimi) ৫১ রান করেন। অধিনায়ক সোহেল খান (Sohail Khan) ৩৬ রান করেন। সুবহান জাখাইল (Subhan Zakhail) ৩১ রান করেন। ভারতের হয়ে ঈশান সুদ (Ishan Sood) ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। আরিয়ান সাভসানি (Aryan Savsani) ২৯ রান দিয়ে জোড়া উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৩৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানি (Lakshya Rajesh Raichandani) ওপেন করতে নেমে ৯০ বলে ৯৩ রান করেন। অপর ওপেনার আর্যবীর সেহওয়াগ (Aaryavir Sehwag) ৫৭ বলে ৫১ রান করেন। ভি কে বিনীথ (VK Vineeth) ৬২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। যশবর্ধন চৌহান (Yashbardhan Chauhan) ১৪ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।
উড়ে গেল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম লড়াই করতে পারল না বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১.৪ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














