New Zealand vs India: পার্টনারশিপ গড়তে না পারার জন্যই চাপে ভারত, বলছেন সাইরাজ বাহুতুলে

Published : Nov 28, 2026, 05:21 PM IST
KL Rahul New Zealand vs India

সংক্ষিপ্ত

New Zealand vs India Christchurch: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দাপট দেখিয়েছিল ভারতীয় দল। শেষ দিন লড়াই করে ম্যাচ বাঁচায় কিউয়িরা। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

DID YOU KNOW ?
লড়াইয়ের আশায় ভারতীয় দল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন ঘুরে দাঁড়ানোর আশায় ভারতীয় দল।

Christchurch Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা ভারতীয় দলের জন্য একেবারেই ভালো গেল না। প্রথম ইনিংসে কিউয়িদের ৩৫৬ রানে আটকে রাখলেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হল ভারত। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান তুলেছে শুবমান গিলের (Shubman Gill) দল। ভারতের এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশ স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে (Sairaj Bahutule)। তাঁর মতে, শেষ বল না হওয়া পর্যন্ত কোনও ম্যাচের ফলাফল নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে ব্যাটারদের শট নির্বাচনে কিছু ভুল সিদ্ধান্ত ভারতকে সমস্যায় ফেলেছে। ওয়েলিংটনে (Wellington) প্রথম টেস্টে ৯ উইকেটে ৭২০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিল ভারত। দেশের বাইরে এটিই ছিল ভারতের সর্বোচ্চ টেস্ট ইনিংস। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেই ব্যাটিংয়ের ছিটেফোঁটাও দেখা গেল না। নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১১৬। ক্রিজে অপরাজিত ধ্রুব জুরেল (Dhruv Jurel) (৭)।

প্রতিষ্ঠিত ব্যাটাররা ব্যর্থ

ভারতের ব্যাটিং বিপর্যয়ে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থের (Rishabh Pant) আউট। দু’জনেই বাউন্ডারি মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। অধিনায়ক শুবমান (১৭), দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) (২১), ঋষভ (২৩), রাহুল (২৫) প্রত্যেকেই শুরুটা ভালো করেও বড় রান করতে ব্যর্থ। দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাহুতুলে বলেন, 'শেষ বল না হওয়া পর্যন্ত কখনও বলা যায় না যে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে। তবে নিঃসন্দেহে দিনটা হতাশাজনক। আমরা কোনও বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। প্রত্যেক ব্যাটারই শুরু পেয়েছিল, কিন্তু কেউই সেটাকে বড় রানে পরিণত করতে পারেনি। এই ধরনের পিচে পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই আমরা আরও ভালো করতে পারতাম।'

ব্যাটারদের নিয়ে হতাশ বাহুতুলে

ব্যাটারদের শট নির্বাচন নিয়েও মুখ খুলেছেন ভারতের স্পিন বোলিং কোচ। তাঁর কথায়, প্রত্যেক ব্যাটারের নিজস্ব পরিকল্পনা থাকে। পিচের পরিস্থিতি বিবেচনা করেই তাঁরা পরিকল্পনা করেছিলেন। কিন্তু কয়েকটি ক্ষেত্রে বিচার-বিবেচনায় ভুল হয়েছে। বাহুতুলে বলেন, ‘প্রত্যেক ব্যাটারের নিজস্ব পরিকল্পনা থাকে। পিচের পরিস্থিতি মাথায় রেখেই তারা নিজেদের পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল হয়েছে। শেষপর্যন্ত এই ধরনের পরিস্থিতিতে পার্টনারশিপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু ক্রিকেটার আক্রমণাত্মক পথে খেলার চেষ্টা করে। আজ সেটা কাজে আসেনি। আমরা নিজেদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারিনি।’ প্রথম দিনের সকালে বোলারদের লাইন ও লেংথ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বাহুতুলে। তাঁর মতে, পিচে যথেষ্ট সিম মুভমেন্ট থাকলেও ভারতীয় বোলাররা শুরুতে কিছুটা বেশি ওয়াইড লাইনে বল করেছেন। ফলে ব্যাটারদের মনে প্রয়োজনীয় সংশয় তৈরি করা সম্ভব হয়নি। তবে খেলা যত এগিয়েছে, বোলাররা ততই সঠিক জায়গায় বল করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৪০
দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের চেয়ে ২৪৫০ রান পিছিয়ে ভারত।
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের চেয়ে ২৪০ রানে পিছিয়ে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন
IND vs NZ 2nd Test: ক্রাইস্টাচার্চে ক্রাইসিস, গিলদের ব্যর্থতায় ফলো-অনের মুখে টিম ইন্ডিয়া