
IPL 2026 vs PSL 2026: যে ক্রিকেটাররা আইপিএল থেকে অবসর নিয়েছেন বা এই লিগে খেলার সুযোগ পাচ্ছেন না, শুধু তাঁরাই পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) খেলতে রাজি হচ্ছেন। এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ (Ahmed Shehzad)। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'পিএসএল-এ যে ক্রিকেটাররা খেলতে আসছে, তারা হয় আইপিএল থেকে অবসর নিয়েছে, না হলে তাদের আর আইপিএল-এ খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই।' অস্ট্রেলিয়ার (Australia) দুই তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner) ও স্টিভ স্মিথের (Steve Smith) কথা উল্লেখ করেছেন শেহজাদ। পাকিস্তানের ক্রিকেট মহল যে বারবার দাবি করে, আইপিএল-এর চেয়ে বড় ও ভালো লিগ পিএসএল, সেই দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন শেহজাদ। তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে, যে কোনও খেলোয়াড় সুযোগ পেলে পিএসএল-এর বদলে আইপিএল-ই বেছে নেবে।’
পাকিস্তানের ক্রিকেট মহলকে বাস্তব পরিস্থিতি বুঝিয়ে দিয়েছেন শেহজাদ। এবার একাধিক ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে পাকিস্তান সুপার লিগের মনোভাবের সমালোচনা করে শেহজাদ বলেছেন, সংশ্লিষ্ট খেলোয়াড়দের নির্বাসিত করার বদলে নিজেদের অবস্থানের দিকে নজর দেওয়া উচিত। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আমরা কাদের পাচ্ছি বা কাদের আমরা নির্বাসিত করিনি, সেসব নিয়ে ভাবার বদলে আমাদের বৃহত্তর চিত্রের দিকে তাকানো উচিত।’
ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani), স্পেনসার জনসন (Spencer Johnson) ও দাসুন শনাকা (Dasun Shanaka) পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরেও আইপিএল ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে প্রস্তাব পেয়েই সেই প্রস্তাব লুফে নিয়েছেন। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) জানিয়েছে, মুজারবানিকে দুই বছরের জন্য নির্বাসিত করা হচ্ছে। জনসন ও শনাকাকেও নির্বাসিত করা হতে পারে। কিন্তু শেহজাদের মতে, সংশ্লিষ্ট ক্রিকেটারদের নির্বাসিত করে কোনও লাভ হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।