Pakistan Super League 2026: পাকিস্তান সুপার লিগ ২০২৬ চালাতে গিয়ে পদে পদে সমস্যায় পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। আর্থিক ও পরিকাঠামোগত সমস্যা তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেটারদের আচরণ। শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) মতো সিনিয়র ক্রিকেটারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

DID YOU
KNOW
?
পিএসএল-এ বিতর্ক
এবার পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে থাকতেই বিতর্ক তৈরি হয়েছে। এবার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

Shaheen Shah Afridi Fined: পাকিস্তান সুপার লিগ ২০২৬-এর (Pakistan Super League 2026) শুরু থেকেই একের পর এক বিতর্ক। এবার নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার জন্য লাহোর কালান্দার্স (Lahore Qalandars) দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হল। পাঞ্জাব প্রদেশের পুলিশ (Pakistan Punjab Police) অভিযোগ আনে, টিম হোটেলে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন আফ্রিদি। এরপরেই লাহোর কালান্দার্সের পক্ষ থেকে আফ্রিদির জরিমানার কথা ঘোষণা করা হয়। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষা করা এবং দলের প্রতি সবার দায়বদ্ধতার কথা মাথায় রেখেই জরিমানা করা হয়েছে। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট মহল। পিএসএল আয়োজন নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

ঠিক কী করেছিলেন আফ্রিদি?

পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বারংবার নিষেধ সত্ত্বেও টিম হোটেলে নিজের ঘরে অবাঞ্চিত ব্যক্তিদের নিয়ে যান আফ্রিদি। এ বিষয়ে এক বিবৃতিতে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার চেষ্টা করা হয়নি। ভুল বোঝাবুঝি থেকেই এই ঘটনা ঘটেছে। তবে লাহোর কালান্দার্স ফের জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত নিয়মের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে ফের নিরাপত্তা সংক্রান্ত নিয়মের প্রতি দায়বদ্ধতার কথা জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আবার না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য প্রোটোকলের বিষয়ে স্বচ্ছতা এবং যোগাযোগের গুরুত্বের উপর জোর দেওয়া হচ্ছে।’

হোটেলে ক্রিকেটারদের ঘরে বাইরের লোক

পিএসএল সূত্রে জানা গিয়েছে, সিকন্দর রাজার (Sikandar Raza) পরিচিত চারজন শনিবার রাতে লাহোর কালান্দার্সের টিম হোটেলে গিয়ে এক ক্রিকেটারের ঘরে প্রায় তিন ঘণ্টা কাটান। পিসিবি-র নিরাপত্তা বিষয়ক ম্যানেজার এবং পিএসএল সিইও সলমন নাসির (Salman Naseer) বাইরের লোকদের হোটেলে ক্রিকেটারদের ঘরে প্রবেশের অনুমতি দেননি। কিন্তু তারপরেও এই চারজন এক ক্রিকেটারের ঘরে ঢুকে পড়েন। এই কারণেই আফ্রিদির জরিমানা করা হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।