
Saurashtra vs Chhattisgarh: ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার পর এবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এবারের রঞ্জি ট্রফির (Ranji Trophy 2026-27) প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে ছত্তীশগড়ের বিরুদ্ধে খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার। দু'বারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের অধিনায়ক থাকছেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। সৌরাষ্ট্রের ১৬ জনের দলে জায়গা পেয়েছেন জাডেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। সেই সিরিজের দু’টি ম্যাচে খেললেও ব্যাটিং করার সুযোগ পাননি এই অলরাউন্ডার। দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। এ বার রঞ্জি ট্রফিতে খেলে লাল বলের ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন জাডেজা। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। তার আগে লাল বলের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অনুশীলন সেরে নেওয়াই জাডেজার লক্ষ্য। ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ক্রাইস্টচার্চে। ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই ম্যাচ চলার কথা। সেই সিরিজের প্রস্তুতিতে জাডেজার জন্য রঞ্জি ট্রফি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধান প্রতিযোগিতা রঞ্জি ট্রফির ৯২-তম সংস্করণ শুরু হচ্ছে রবিবার। গত মরসুমের রঞ্জি ট্রফিতে ভালো ফাল করতে পারেনি সৌরাষ্ট্র। এবার এলিট গ্রুপ বি-তে জাডেজাদের সঙ্গে আছে অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তীশগড়, হায়দরাবাদ, কর্ণাটক, পাঞ্জাব ও ত্রিপুরা। সৌরাষ্ট্রের বড় ভরসা জাডেজা। অধিনায়ক উনাদকাটও দারুণ ছন্দে আছেন। ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে সাতটি ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন এই বাঁ হাতি পেসার। তাঁর গড় ছিল ২২.২১। হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ৩২ রানে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দু’বার ইনিংসে চার উইকেটও পেয়েছেন তিনি। সৌরাষ্ট্রের পেস আক্রমণে উনাদকাটের সঙ্গে থাকবেন চেতন সাকারিয়া। ২০১৯-২০ এবং ২০২২-২৩ মরসুমে উনাদকাটের নেতৃত্বেই রঞ্জি ট্রফি জেতে সৌরাষ্ট্র। গত মরসুমের দল থেকে ১৪ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। নতুন মুখ হিসেবে দলে এসেছেন পেসার নীল পাণ্ড্য এবং অলরাউন্ডার অর্থ যাদব। উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন হার্ভিক দেশাই। ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা জোগাবেন অর্পিত বাসাবদা, চিরাগ জানি ও জয় গোহিল। তবে এবার সৌরাষ্ট্রকে খেলতে হবে বাঁহাতি স্পিনার ধর্মেন্দ্রসিংহ জাডেজাকে ছাড়া। তিনি এবার ছত্তীশগড়ের হয়ে খেলবেন। ফলে স্পিন বিভাগে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে পার্থ ভূতকে। গত মরসুমে গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে এ বার ভালো ফল করাই লক্ষ্য সৌরাষ্ট্রের।
জয়দেব উনাদকাট (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, হার্ভিক দেশাই (উইকেটকিপার), অর্পিত বাসাবদা, চিরাগ জানি, প্রেরক মাঁকর, জয় গোহিল, চেতন সাকারিয়া, অঙ্কুর পানওয়ার, সম্মার গজ্জর, পার্থ ভূত, বিশ্বরাজসিংহ জাডেজা, হেত্বিক কোটক, নীল পাণ্ড্য, অর্থ যাদব ও তরঙ্গ গোহিল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।