
IPL 2026: বিরাট কোহলি (Virat Kohli) রান তাড়া করার সময় ভালো ব্যাটিং করবেন আর তাঁর দল জয় পাবে না, তা কি হয়? বুধবারও সেরকম কিছু হল না। এদিন প্রথম একাদশে না থাকলেও, ইমপ্যাক্ট-সাব হিসেবে খেললেন বিরাট। তিনি এই ম্যাচে প্রভাব ফেললেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সহজেই পাঁচ উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants)। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৪৬ রানে অলআউট হয়ে যায় লখনউ। জবাবে ১৫.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল আরসিবি। ওপেন করতে নেমে ৩৪ বলে ৪৯ রান করলেন বিরাট। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। এই ম্যাচে দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রান বিরাটই করেন।
এদিন লখনউয়ের ব্যাটারদের মধ্যে চারজন দুই অঙ্কের রান করেন। সর্বাধিক ৪০ রান করেন ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh)। অপর ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) ১২ রান করেন। আয়ূষ বাদোনি (Ayush Badoni) ৩৮ রান করেন। মুকুল চৌধুরী (Mukul Choudhary) ৩৯ রান করেন। আরসিবি-র হয়ে সেরা বোলিং করেন রাসিক সালাম দার (Rasikh Salam Dar)। তিনি ২৪ রান দিয়ে চার উইকেট নেন। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) ৩৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ২০ রান দিয়ে এক উইকেট নেন। রান তাড়া করতে নেমে আরসিবি-র বিশেষ সমসস্যা হয়নি। অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) ১৩ বলে ২৭ রান করেন। জিতেশ শর্মা (Jitesh Sharma) নয় বলে ২৩ রান করেন। টিম ডেভিড (Tim David) আট বল খেলে ১৪ রান করে অপরাজিত থাকেন। রোমারিও শেফার্ডও (Romario Shepherd) আট বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে প্রিন্স যাদব (Prince Yadav) ৩২ রান দিয়ে তিন উইকেট নেন। আবেশ খান (Avesh Khan) ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেন।
এদিন জয় পাওয়ার ফলে পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে আরসিবি। রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে আরসিবি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।