
Richa Ghosh SIR Notice: এসআইআর-এর প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশের পর, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কারণ, নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি এইরকম প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নামের পাশে লেখা রয়েছে ‘বিচারাধীন’ (sir final list west bengal 2026)।
আর সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের নামও (richa ghosh sir notice)। যা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনকে রীতিমতো নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি কটাক্ষ করে বলেছেন, “তাহলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।” তবে সোশ্যাল মিডিয়াতে রিচাকে নিয়ে একটি পোস্ট করেছে নির্বাচন কমিশন। সেখানে ইআরও এবং এইআরওকে-ই পরোক্ষভাবে দায়ী করা হয়েছে। এমনকি, তাদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
জাতীয় দলের ক্রিকেটার রিচা শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা। তাঁর নাম কেন এসআইআরে চূড়ান্ত তালিকায় বিচারাধীন, সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় তাঁকে ‘আনম্যাপ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়। রিচার পরিবর্তে এক আত্মীয় শুনানিতে উপস্থিত হন এবং প্রয়োজনীয় নথি জমা দেন।
কিন্তু এখন দেখা যাচ্ছে যে, সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) বিষয়টির নিষ্পত্তিই করেননি সেই সময়। তাই এমতাবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিষয়টি বিচারকদের কাছে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে, সংশ্লিষ্ট এইআরও বা ইআরও-র কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে এই বিষয়ে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি রিচার দিদি সোমশ্রী ঘোষের নামও রয়েছে বিচারাধীনের তালিকায়।
এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, ‘‘রিচা শুধু শিলিগুড়িরই নয়, ভারতেরও গর্ব। এটা নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা ছাড়া আর কিছুই নয়। মহান নির্বাচন কমিশনের ভূমিকার নিন্দা করছি।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।