
India A Tour of New Zealand 2026: ফের চোট পেয়ে নিউজিল্যান্ড সফরে ভারতীয় এ দলের হয়ে প্রথম দু'টি মাল্টি-ডে ম্যাচে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। গত মাসে ইরানি কাপে (Irani Cup) অবশিষ্ট ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলার সময় বাঁ দিকের পেশিতে চোট পান এই তারকা। সোমবার বিসিসিআই (BCCI) জানিয়েছে, ঋষভের পরিবর্ত হিসেবে উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রকে (Kumar Kushagra) দলে নেওয়া হয়েছে। ফিটনেসের শর্তে প্রথমে ভারতীয় এ দলে জায়গা পেয়েছিলেন ঋষভ। তবে এখনও বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন তিনি। বিসিসিআই জানিয়েছে, ঋষভের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তৃতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। নিউজিল্যান্ড সফরে ভারতীয় এ দলের নেতৃত্বে থাকছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, 'ঋষভ এখনও বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তৃতীয় ম্যাচে তাঁর খেলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' এই চোটের কারণে আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিনিয়র দলের টেস্ট সিরিজেও ঋষভের খেলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৯ নভেম্বর শুরু হওয়ার কথা দুই টেস্ট ম্যাচের সিরিজ। এই সিরিজ শেষ হওয়ার কথা ১ ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেনি বিসিসিআই। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভ খেলতে পারবেন কিন না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি বহুদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল।
২৪ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। প্রথম ম্যাচটি হবে লিঙ্কনে, দ্বিতীয় ম্যাচ ক্রাইস্টচার্চে এবং তৃতীয় ম্যাচটি আবার লিঙ্কনে আয়োজন করা হবে। সিনিয়র দলের টেস্ট সিরিজের আগে নিউজিল্যান্ডের পরিবেশে লাল বলের ক্রিকেটে নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভারতীয় এ দলের ক্রিকেটাররা। তাই এই সিরিজের শুরুতে ঋষভের ছিটকে যাওয়া ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া কুশাগ্র ঝাড়খণ্ডের ২১ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নজর কেড়েছেন তিনি। সদ্যসমাপ্ত দলীপ ট্রফি (Duleep Trophy) ফাইনালে চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে শতরান করেন এই উইকেটকিপার-ব্যটার। তাঁর গুরুত্বপূর্ণ অবদানেই খেতাব জেতে পূর্বাঞ্চল। এর পর সেপ্টেম্বরে পুদুচেরিতে অস্ট্রেলিয়া এ (Australia A) দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান কুশাগ্র। সেই ম্যাচে শতরানের পাশাপাশি অপরাজিত ৪৬ রানও করেছিলেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।