
U19 Asia Cup: আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে রবিবার, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করে নজর কাড়লেন ভারতীয় অলরাউন্ডার অর্জুন রাজপুত। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচন্দানি (U19 Asia Cup)। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। আলি রাজা ও রিজওয়ানউল্লাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২২.৫ ওভারে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। সেই সময়, পাল্টা আক্রমণ শুরু করেন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ইনিংসে ভর করেই ভারত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ২০৮ রান তোলে টিম ইন্ডিয়া। বোলারদের লড়াই করার মতো একটা পুঁজি এনে দেন অর্জুন।
বীরেন্দ্র সেহওয়াগ এবং রাহুল দ্রাবিড়ের ছেলে আর্যবীর সেহওয়াগ ও অন্বয় দ্রাবিড় সহ ভারতের টপ অর্ডার ব্যাটাররা যখন ব্যর্থ, তখন মাটি কামড়ে পড়েছিলেন অর্জুন। ভারত ২২ রানে ৩ উইকেট হারানোর পর, ক্রিজে আসেন তিনি। প্রথমে আর্যবীরের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আর্যবীর ও অন্বয় দ্রুত আউট হয়ে গেলে ৮৬ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর মনল চৌহানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন অর্জুন। ১৫০ রানের মাথায় মনল আউট হন।
এরপর একাই ইনিংস টানেন অর্জুন। ১২৫.৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করে মাত্র ৮০ বলে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন তিনি। ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ১০৭ রান করে আউট হন। দলের মোট রানের অর্ধেকের বেশি আসে তাঁর ব্যাট থেকেই।
WHAT A WAY TO ANNOUNCE YOURSELF! 🫡
Arjun Rajput has taken on the challenge, owned the occasion and conquered the big stage! 💯
A magnificent maiden hundred for India U19! 😍
Watch India vs Pakistan in the DP World Men's U19 Asia Cup, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.
#SonySportsNetwork #SonyLIV #INDvPAK
— Sony Sports Network (@SonySportsNetwk) November 8, 2026
অর্জুন যখন আউট হন, তখন দলের রান ছিল ১৭০। সেই সময় দলের মোট রানের ৬৩% একাই করেছিলেন এই ১৯ বছর বয়সী ব্যাটার। ভারতের মোট ২০৮ রানের মধ্যে ৫১.৪৪% রান তাঁর। অতিরিক্ত রান বাদ দিলে, দলের মোট রানের প্রায় ৫৮.৮% আসে তাঁর ব্যাট থেকে। এই ম্যাচে অর্জুনের ইনিংস এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, একার হাতে দলের আশা বাঁচিয়ে রাখেন তিনি। অন্য ব্যাটারদের মধ্যে কেবল আর্যবীর সেহওয়াগ (২২) এবং কাব্য প্যাটেল (২৩) ২০ রানের গণ্ডি পেরোতে পেরেছিলেন।
অর্জুন রাজপুতের এই সাফল্য একদিনে আসেনি। অভাবের বিরুদ্ধে লড়াই, জেদ আর অধ্যবসায়ের ফল হল এই সুযোগ। ২০০৭ সালের ১৪ মার্চ পঞ্জাবের জলন্ধরে এক সাধারণ পরিবারে জন্ম অর্জুনের। তাঁর বাবা হোতি রাম রাম নগরে রাস্তার ধারে ছোলে-কুলচে বিক্রি করতেন। ছেলের পড়াশোনা আর ক্রিকেটের খরচের জন্য ছোট ছোট লোন নিতে হয়েছিল তাঁকে। সম্প্রতি শহরে একটি ছোট বেকারি খুলেছেন তিনি। সাত বছর বয়সে জলন্ধরের হরভজন সিং ইনস্টিটিউট অফ ক্রিকেটে ভর্তি হন অর্জুন। হঠাৎ করেই সেই অ্যাকাডেমি বন্ধ হয়ে গেলে, তাঁর কোচ এগিয়ে আসেন। স্কুলের পুরো ফি মকুবের ব্যবস্থা করেন, যাতে পরিবারের ওপর চাপ না বাড়ে এবং তাঁর পড়াশোনা ও ক্রিকেট দুটোই চলতে থাকে।
এরপর জলন্ধরের ডিএভি স্কুলে ভর্তি হন অর্জুন। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ২০২৬ সালের অক্টোবরে বিনু মানকড় ট্রফির ফাইনালে মুম্বইকে হারিয়ে পঞ্জাবকে চ্যাম্পিয়ন করেন তিনি। ১৩ বছরের খরা কাটিয়ে পঞ্জাব ট্রফি জেতে। এই টুর্নামেন্টে ৮টি ম্যাচ খেলে ৬৯৫ রান করার পাশাপাশি ১১টি উইকেট নেন অর্জুন। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন তিনি। এছাড়া পঞ্জাবের হয়ে কোচবিহার ট্রফি এবং লুধিয়ানা লায়ন্সের হয়ে শের-ই-পঞ্জাব টি-টোয়েন্টি লিগেও খেলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য প্রথমবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচে ৩৪.৩৩ গড়ে ১০৩ রান করেন অর্জুন। এর মধ্যে একটি ৭৬ রানের ইনিংসও ছিল। এশিয়া কাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে ১৫ ও ০ রান করেন তিনি। এরপর এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ৫.৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।