
Vaibhav Sooryavanshi News: ওয়েলিংটনে (Wellington) ভারত-নিউজিল্যান্ড (New Zealand vs India) সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের পর মাতৃতুল্য এক অনুরাগীর কাছ থেকে বিশেষ পরামর্শ পেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। তিনি এই ম্যাচে ওপেন করতে নেমে ১৯ বলে ৪৫ রান করেন। ভারতীয় দল ম্যাচ ও সিরিজ জেতার পর দর্শকদের অটোগ্রাফ দিচ্ছিলেন বৈভব। সেই সময় এগিয়ে গিয়ে এক মহিলা বলেন, 'বৈভব, হ্যালো বৈভব! আমরাও বালিয়ার (Ballia)। ঠান্ডা জল খেও না, জল গরম করে তবেই খেও। এখানে খুব ঠান্ডা।' বালিয়ার নাম শুনে বৈভবের মুখে হাসি ফোটে। সংক্ষিপ্ত উত্তরে তিনি বলেন, ‘ঠিক আছে, আচ্ছা।’
ভারতীয় ক্রিকেট দল বিশ্বের যে প্রান্তেই খেলতে যাক না কেন, সেখানেই সমর্থকদের ভিড় চোখে পড়ে। নিউজিল্যান্ড সফরও (India tour of New Zealand 2026) ব্যতিক্রম নয়। চলতি টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেটারদের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হচ্ছেন বহু সমর্থক। ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের ছোট ছোট কথোপকথনও কখনও কখনও হয়ে উঠছে চর্চার বিষয়। সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছে বৈভবের মহিলা অনুরাগীর পরামর্শ। বিদেশের মাটিতে দেশের এক কিশোর ক্রিকেটারকে নিজের অঞ্চলের ছেলে ভেবে এমন পরামর্শ দেওয়ার মুহূর্তটি নেটিজেনদের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে এই মহিলার আন্তরিকতার প্রশংসা করেছেন।
हेलो वैभव, हम लोग भी बलिया से हैं, ठीक हो, गर्म पानी पियो ठंडा पानी मत पीना क्योंकि यहां पर ठंड है अभी
न्यूज़ीलैंड में उत्तर प्रदेश वाले बिहारी को बोल रहे हैं हेलो वैभव हम लोग भी बलिया से हैं। #VaibhavSooryavanshi #INDvsNZ https://t.co/9JLx0GO7ZI
— Sadan Singh (@SadanJee) October 27, 2026
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ৭.১ ওভারে ১৩৩ রান যোগ করেন বৈভব। এই কিশোর চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ওপেনিং জুটিতে মাত্র পাঁচ ওভারের মধ্যেই ১০০ রান করে ফেলে ভারতীয় দল। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ১১৮ রান করে ভারত। আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশগুলির মধ্যে ভারতীয় দলই কোনও টি-২০ ম্যাচে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করেছে। ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩.২ ওভারেই জয় তুলে নেয় ভারতীয় দল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।