
Vaibhav Sooryavanshi IPL Sixes Record: বুধবার আইপিএল এলিমিনেটরে (IPL 2026 Eliminator) রাজস্থান রয়্যালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে একইসঙ্গে ক্রিস গেইল (Chris Gayle) ও শুবমান গিলের (Shubman Gill) রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। এতদিন আইপিএল-এর কোনও মরসুমে সর্বাধিক ৫৯টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড ছিল গেইলের। ২০১২ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। ১৪ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছর বয়সি বৈভব। এই কিশোর চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৬৫টি ওভার-বাউন্ডারি মেরেছেন। বৈভব এদিন পাঁচটি বাউন্ডারি ও এক ডজন ওভার-বাউন্ডারি মারেন। এর আগে আইপিএল-এর প্লে-অফে কোনও ম্যাচে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড ছিল শুবমানের। গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক ২০২৩ সালের আইপিএল-এ (IPL 2023 Qualifier 2) কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ১২৯ রান করেন। সেই ইনিংসে তিনি ১০টি ওভার-বাউন্ডারি মারেন। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি বৈভবকে দ্রুত আউট করার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার (Australia) এই তারকা অলরাউন্ডারের পক্ষে ভারতীয় কিশোর ব্যাটারকে থামানো সম্ভব হয়নি। ২৯ বলে ৯৭ রান করেন বৈভব। তিনি আইপিএল-এর ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড গড়ার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু প্রফুল হিঙ্গের (Praful Hinge) বলে স্মরণ রবিচন্দ্রনকে (Smaran Ravichandran) ক্যাচ দিয়ে ফিরে যান বৈভব। এর ফলে তিনি দ্রুততম শতরানের রেকর্ড গড়তে পারলেন না। তবে তাঁর অসাধারণ ইনিংসের সুবাদে আট উইকেট হারিয়ে ২৪৩ রান করল রাজস্থান।
রাজস্থানের হয়ে ২১ বলে ৫০ রান করেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) ১২ বলে ২৬ রান করেন। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ২৯ বলে ২৯ রান করেন। কিন্তু রাজস্থানের মিডল অর্ডার ও লোয়ার-অর্ডারের ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারেননি। ফলে ২৫০ পেরোতে পারল না রাজস্থান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।