
Virat Kohli-Novak Djokovic Meeting: বিরাট কোহলির সঙ্গে দেখা করতে খুব তাড়াতাড়ি ভারত সফরে আসছেন সার্বিয়ার কিংবদন্তি টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। তিনি জানিয়েছেন, বিরাটের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মেসেজের মাধ্যমে কথা হলেও, এখনও পর্যন্ত সরাসরি দেখা হয়নি। এবার সেই সাক্ষাৎ হতে পারে। জকোভিচ জানিয়েছেন, তিনি বিরাটের সঙ্গে টেনিস ও ক্রিকেট খেলতে চান। এই কিংবদন্তি টেনিস খেলোয়াড় এখন উইম্বলনডন (Wimbledon 2026) নিয়ে ব্যস্ত। তিনি এখনও পর্যন্ত ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) চ্যাম্পিয়ন হয়েছেন। এবারের উইম্বলডনে ২৫-তম খেতাব জেতার লক্ষ্যে খেলতে নামছেন জকোভিচ। সেই লক্ষ্যপূরণ হওয়ার পর তিনি ভারত সফরে আসতে পারেন। বিরাট এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ফলে তিনি জকোভিচের সঙ্গে দেখা করার জন্য সময় বের করতে পারবেন বলেই আশা করছে ক্রীড়ামহল।
বিরাটের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে জকোভিচ বলেছেন, ‘আমাদের কখনও সামনাসামনি দেখা হয়নি। তবে টেক্সটের মাধ্যমে আমাদের কথা হয়েছে। গত কয়েক বছর ধরেই এভাবে আমাদের কথা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করছি, একে অপরের খেলার খবর রাখছি, একে অপরকে সমর্থন করছি এবং একে অপরের কেরিয়ারে সাফল্যকে কুর্ণিশ জানাচ্ছি। আশা করি আমি ওর সঙ্গে মুখোমুখি দেখা করার সুযোগ পাব। আমি ওর সঙ্গে টেনিস ও ক্রিকেট খেলতে চাই। সেটা করতে পারলে দারুণ ব্যাপার হবে। আমি খুব তাড়াতাড়ি ভারতে আসার পরিকল্পনা করছি। সেখানেই হয়তো আমাদের দেখা হবে।’
সোমবার শুরু হচ্ছে উইম্বলডন ২০২৬। অতীতে এই গ্র্যান্ড স্ল্যামে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জকোভিচ। এই তারকা এবারও ভালো পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হতে চান। তিনি এবারের ফ্রেঞ্চ ওপেনের (French Open 2026) তৃতীয় রাউন্ডে হোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে যান। তারপর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি জকোভিচ। তিনি প্রস্তুতি ম্যাচ খেলেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।