Durand Cup 2026: কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু ২১ জুলাই থেকে। বিবৃতি দিয়ে জানিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ভারতের অন্যতম ঐতিহ্যশালী মেগা ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হতে চলেছে আগামী ২৫ জুলাই থেকে (Durand Cup 2026)। এই প্রতিযোগিতা চলবে আগামী ২৩ অগাস্ট পর্যন্ত (Durand Cup 2026 fixtures)। কলকাতা, রাঁচি, ইম্ফল, গুয়াহাটি ও শিলং, এই চারটি শহরে অনুষ্ঠিত হবে এবারের ডুরান্ড কাপ। কলকাতার ক্ষেত্রে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল হবে যুবভারতীতে।
এই প্রতিযোগিতার প্রথম ম্যাচই হল কলকাতা ডার্বি। শনিবার, ২৫ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বিকেল ৫টায়। এখনও অবধি দুই দল মোট ৩৩ বার শিরোপা জিতেছে। যার মধ্যে মোহনবাগান ১৭ বার এবং ইস্টবেঙ্গল ১৬ বার জয় পেয়েছে। এবার সেই মেগা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটিই হতে চলেছে কলকাতা ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। তাই ফিজিক্যাল টিকিট থাকা অবশ্যই বাধ্যতামূলক। অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ জুলাই, মঙ্গলবার সকাল ১১টা থেকে। বুক মাই শো (BookMyShow) অ্যাপ এবং ওয়েবসাইট থেকে দুই দলের সমর্থকরা টিকিট কাটতে পারবেন।
অফলাইন টিকিট বিক্রি এবং অনলাইন রিডেম্পশন শুরু হবে ২২ জুলাই থেকে এবং চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অফলাইনে টিকিট বিক্রি এবং অনলাইনে কেনা টিকিটের রিডেম্পশন চালু থাকবে। মোহনবাগান ক্লাবের টিকিট কাউন্টার এবং ইস্টবেঙ্গল ক্লাবের টিকিট কাউন্টার থেকে অফলাইন টিকিট কেনা যাবে এবং অনলাইন টিকিটের রিডেম্পশন করা যাবে। জানা যাচ্ছে, কলকাতায় আয়োজিত অন্যান্য সমস্ত গ্রুপ পর্ব এবং নক-আউট ম্যাচের ক্ষেত্রে দর্শকদের সুবিধার্থে এবং স্টেডিয়ামে নির্বিঘ্ন ও পেপারলেস টিকিট মারফৎ প্রবেশ নিশ্চিত করতে বুক মাই শো (BookMyShow) অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এম-টিকিটের (মোবাইল টিকিট) ব্যবস্থা ব্যবহার করা হবে। তবে ডার্বি ম্যাচটি এই তালিকায় নেই।
২৫ জুলাই, শনিবারঃ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী ক্রীড়াঙ্গন, বিকেল ৫টা)
৩১ জুলাই, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৪ অগাস্ট, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)
৭ অগাস্ট, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)
১০ অগাস্ট, সোমবারঃ মোহনবাগান বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, বিকেল চারটে)
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।