India tour of New Zealand 2026: এবারের নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। ওডিআই সিরিজেও জয় পাওয়া থেকে একধাপ দূরে ভারত। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। তার আগে ভারতীয় দলের বোলিং বিভাগে রদবদল করা হয়েছে। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

DID YOU
KNOW
?
বারবার বাদ কুলদীপ
ভালো পারফরম্যান্সের পরেও বারবার জাতীয় দল থেকে বাদ পড়ছেন কুলদীপ যাদব। এই স্পিনার নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না।

New Zealand vs India Test Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলে বড়সড় পরিবর্তন করল বিসিসিআই (BCCI)। শনিবার নির্বাচক কমিটি টেস্ট দল থেকে বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেসার গুরনুর ব্রারকে (Gurnoor Brar)। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন এই তরুণ পেসার। কুলদীপ ও গুরনুর দু’জনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলে আছেন। রবিবার মাউন্ট মাউনগানুইয়ের (Mount Maunganui) বে ওভালে (Bay Oval) ওডিআই সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। চতুর্থ ওয়ান ডে-তে হারলেও আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ফলে রবিবার না হারলেই টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও জয় পাবে ভারতীয় দল। এরই মধ্যে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

রবিবারের ম্যাচের পর দেশে ফিরবেন কুলদীপ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রথমে ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা পাননি গুরনুর। অন্যদিকে, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে দলে ছিলেন কুলদীপ। কিন্তু টেস্ট সিরিজের আগেই তাঁকে ছেড়ে দেওয়া হল। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার জন্য কুলদীপকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ওডিআই ম্যাচ পর্যন্ত তিনি দলের সঙ্গে আছেন। অন্যদিকে, গুরনুর টেস্ট দলে যোগ দেবেন। ইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেস্ট দলে যোগ দিয়েছেন বলেও জানিয়েছে বিসিসিআই।

কুলদীপকে ছেঁটে ফেলা নিয়ে বিতর্ক

কুলদীপকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। অনেক ক্রিকেটপ্রেমীই নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, টেস্ট ক্রিকেটে কুলদীপের অভিজ্ঞতা এবং উইকেট নেওয়ার ক্ষমতার কথা মাথায় রেখে তাঁকে দলে রাখা উচিত ছিল। কেউ কেউ নির্বাচকদের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। আবার অনেকে নিউজিল্যান্ডের পেস সহায়ক পরিবেশ এবং চলতি সফরে গুরনুরের পারফরম্যান্সের কথা উল্লেখ করে তাঁর অন্তর্ভুক্তিকে সমর্থন জানিয়েছেন। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, গুরনুরের পরিবর্তে পেসার অকিব নবিকে (Auqib Nabi) টেস্ট দলে সুযোগ দেওয়া উচিত ছিল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে তাঁর পারফরম্যান্সের কথা তুলে ধরে এই দাবি জানিয়েছেন তাঁরা। আবার কারও কারও প্রশ্ন, জাডেজা ও সুন্দরের পাশাপাশি অতিরিক্ত স্পিনার হিসেবে কুলদীপকে দলে রাখা যেত না কেন?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।