
East Bengal FC News: গত মরসুূমের আইএসএল (Indian Super League 2026) চলাকালীন ঘোষণা করে দিয়েছিলেন, ইস্টবেঙ্গলে আর থাকবেন না। জুনে সরকারিভাবে জানিয়ে দেন, লাল-হলুদ ব্রিগেডের প্রধান কোচ হিসেবে থাকছেন না। তারপরেও সম্প্রতি হঠাৎই অস্কার ব্রুজোঁকে (Óscar Bruzón) নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট দেখা যাচ্ছে। এই বিতর্ক থামানোর লক্ষ্যে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রাক্তন প্রধান কোচের প্রতি শ্রদ্ধা থাকার কথাও জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সোশ্যাল মিডিয়া পেজের নাম করা হয়নি। তবে এই পোস্টে অনেক সমর্থকই দাবি করছেন, #QEBNA এই গুজব ও বিভ্রান্তি ছড়ানোর জন্য দায়ী।
ইস্টবেঙ্গল ছাড়ার পর ইন্দোনেশিয়ার (Indonesia) ক্লাব ভায়াংকারা প্রেসিসি লামপাং এফসি-তে (Bhayangkara Presisi Lampung FC) প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন অস্কার। তাঁর ও তাঁর বর্তমান ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনও সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও তিনি এখন ইন্দোনেশিয়ার ক্লাবে কীভাবে কোচিং করাচ্ছেন, দল গঠন করছেন, কৌশল ঠিক করছেন, দল কীভাবে খেলছে, সেসব নিয়ে ইস্টবেঙ্গলের নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করা হচ্ছে। ক্লাবের প্রকৃত সমর্থকদের এসব থেকে বিরত থাকার বার্তা দিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
ইস্টবেঙ্গল সমর্থকদের দাবি, দল এখন ভালো জায়গায় থাকায় অনেকেরই ঈর্ষা হচ্ছে। আইএসএল-এর পর ডুরান্ড কাপ (Durand Cup 2026) জয়, এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের (AFC Champions League 2) মূলপর্বের যোগ্যতা অর্জন, কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) রিজার্ভ দল নিয়েই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রায় পূর্ণশক্তির দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র অনেকেই মানতে পারছে না। এই কারণেই নতুন বিতর্ক তৈরি করে দলের ছন্দ নষ্ট করে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।