
FA Cup Final: এফএ কাপের ফাইনালে শনিবার, ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও চেলসি (manchester city fc vs chelsea final)। একদিকে যখন পেপ গুয়ার্দিওলার দল টানা ম্যাচ খেলার ক্লান্তি নিয়ে চিন্তিত, তখন উল্টোদিকে দাঁড়িয়ে এই ম্যাচ জিতে নিজেদের টালমাটাল মরশুমটি বাঁচাতে মরিয়া চেলসি। তাদের লক্ষ্য হল; আট বছর ধরে চলা ট্রফি খরা কাটানো (fa cup final 2026)।
ম্যাঞ্চেস্টার সিটি এই মুহূর্তে প্রিমিয়ার লিগ খেতাব জয়ের লক্ষ্যে আর্সেনালের বিরুদ্ধে শেষ মুহূর্তের লড়াইতে নেমেছে। তবে এই সপ্তাহে লিগের চিন্তা দূরে সরিয়ে ওয়েম্বলিতে কাপ ডাবল জেতার লক্ষ্যে নামছে তারা।
প্রসঙ্গত, মার্চ মাসে, লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারায় সিটি। বুধবারই তারা প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে খেলেছে। আবার চেলসির বিরুদ্ধে ফাইনালের মাত্র তিনদিন পরেই, বোর্নমথের বিরুদ্ধে ম্যাচ রয়েছে চেলসির।
যদিও গুয়ার্দিওলা ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ৩-০ গোলে জেতা ম্যাচে দলে ৬টি পরিবর্তন আনেন। তবুও তিনি চিন্তিত। কারণ, এই ঠাসা ক্রীড়াসূচি ফাইনালে চেলসিকে বাড়তি সুবিধা করে দিতে পারে। গুয়ার্দিওলা বলছেন, "এফএ কাপের পরেই বোর্নমথের বিরুদ্ধে ম্যাচ। আমরা প্রতি তিনদিন অন্তর খেলছি। চেলসি পুরো এক সপ্তাহ ধরে নিজেদের ঘরের মাঠে অনুশীলন করছে এবং ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের লন্ডন যাতায়াত করতে হচ্ছে। ওরা বাড়িতে নিজেদের পরিবার, স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকবে। তাই ক্লান্তি, ক্লান্তি আর শুধুই ক্লান্তি।"
এই শারীরিক ধকল কমাতেই গুয়ার্দিওলা প্যালেসের বিরুদ্ধে ম্যাচে আর্লিং হালান্ড, রায়ান চেরকি এবং জেরেমি ডোকুকে বেঞ্চে রেখেছিলেন।
গুয়ার্দিওলা বলেন, "আমার দলের সবার উপর পুরো ভরসা রয়েছে। যারা প্যালেসের বিরুদ্ধে খেলেনি তাদের উপরেও আছে। ওরা সবাই খুব ভালো ফুটবলার। আমার মনে হয়েছিল, আমাদের আরও বেশি এনার্জি দরকার। সাভিনহো, আঁতোয়া (সেমেনিও) এবং ওমর (মারমুশ) খুব ভালো খেলেছে। এখন আমরা বিশ্রাম নিয়ে ফাইনালের জন্য মনোনিবেশ করব।"
সিটি রেকর্ড চতুর্থবার টানা এফএ কাপের ফাইনালে খেলতে নামছে। তবে তারা গত দুটি ফাইনালে পরাজিত হয়েছে। ২০২৫ সালে, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে এবং তার দুই বছর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে।
গুয়ার্দিওলা ২০১৯ এবং ২০২৩ সালে, দুবার এফএ কাপ জিতেছেন। উল্লেখ্য, গোটা মরশুম জুড়েই গুয়ার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। তাঁর চুক্তির আর মাত্র এক বছর বাকি। কিন্তু তিনি এই মরশুম শেষে থাকবেন? নাকি চলে যাবেন? সেই বিষয়ে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
ঠিক বিপরীতে রয়েছেন চেলসির অনভিজ্ঞ অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন। লিয়াম রোসেনিওর মাত্র ১০৬ দিন দায়িত্বে থাকার পর, এপ্রিলে বরখাস্ত হলে ম্যাকফারলেন দায়িত্ব নেন।
চেলসির প্রাক্তন অনূর্ধ্ব-২১ কোচের জন্য এটা একটু অন্যরকম পরিস্থিতি। তিনি দলকে এফএ কাপের ফাইনালে নেতৃত্ব দিচ্ছেন। এই মরশুমে এটি দ্বিতীয়বারের জন্য ম্যাকফারলেন অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন। গত জানুয়ারি মাসে, এনজো মারেস্কার বিদায়ের পর, তিনি এতিহাদ স্টেডিয়ামে সিটির বিরুদ্ধে ম্যাচটি ১-১ গোলে ড্র করে তাদের খেতাব জয়ের লড়াইয়ে ধাক্কা দেন। চেলসি তাদের শেষ সাতটি লিগ ম্যাচের একটিতেও জয় পায়নি। এই খারাপ ফর্মের কারণে, চেলসির চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।
তবে ২০১৮ সালের পর, প্রথমবার এফএ কাপ জিতলে এবং আট বছরের ঘরোয়া ট্রফির খরা কাটাতে পারলে এই যন্ত্রণাদায়ক মরশুমের ক্ষত কিছুটা হয়ত কমতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।