
FIFA Presidential Election: ফিফা প্রেসিডেন্ট পদে এবার কঠিন লড়াই। একেবারে ফাঁকা ময়দান তো নয়ই, বরং ভোটের ময়দানে এবার গোল দিতে হলে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো-কে অনেক পরিশ্রম করতে হবে। আগামী বছর ফিফার প্রেসিডেন্ট ভোটে বিনা বাধায় গদি ধরে রাখার কোনও সুযোগ পাচ্ছেন না ৫৬ বছরের সুইস-ইতালিয়ান ফুটবল শীর্ষ কর্তা। বৃহস্পতিবার ফিফার তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, ২০২৭ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য ইনফান্তিনোর বিরুদ্ধে দু'জন প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা পড়েছে। তাঁরা হলেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো আর জাপানের কোজো তাশিমা। সব মিলিয়ে এই দৌড়ে এখন তিন জন প্রার্থীর নাম সামনে এল।
জুরিখের সময় অনুযায়ী বুধবার মাঝরাতে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পেরিয়ে যায়। তারপর বৃহস্পতিবার ফিফা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, দিয়ালো আর তাশিমা দু'জনেই সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রতি প্রার্থীর হয়ে অন্তত পাঁচটি ফিফা সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনপত্র থাকা দরকার। এবার ফিফার সাধারণ সচিবালয় তিন জনের মনোনয়নই নির্বাচনী কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে। প্রার্থীদের যোগ্যতা আর স্বচ্ছতা খতিয়ে দেখবে ওই কমিটি। ১৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে চূড়ান্ত অনুমোদিত প্রার্থীদের নাম সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে জানিয়ে দেওয়া হবে।
সুইস-ইতালীয় বংশোদ্ভূত ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার শীর্ষ পদে রয়েছেন। শেপ ব্লাটারের পর ফিফায় শুরু হয় ইনফান্তিনো যুগ। ২০২৩ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হয়েছিলেন। এবার চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন তিনি; জিতলে ২০৩১ সাল পর্যন্ত পদে থাকতে পারবেন। অন্যদিকে, ২০২৩ সাল থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রধানের দায়িত্বে থাকা ফিলিপ দিয়ালোকে সামনে রেখেছে উয়েফা ও ইউরোপের ফুটবল সংস্থাগুলো। আগে ফিফার ডিসপিউট রেজোলিউশন চেম্বারের বিচারক হিসেবেও কাজ করেছেন দিয়ালো। জাপানের প্রাক্তন ফুটবলার কোজো তাশিমা জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাম্মানিক প্রেসিডেন্ট এবং ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলে রয়েছেন। প্রথম জাপানি হিসেবে ফিফা প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। তবে সুইৎজারল্যান্ডের প্রাক্তন ফুটবলার র্যামন ভেগা আগে লড়ার কথা বললেও ফিফার তালিকায় তাঁর নাম নেই।
গত জুলাই মাসে বিশ্বকাপের মুনাফার অংশ বেসরকারি লগ্নিকারীদের হাতে তুলে দেওয়ার একটি পরিকল্পনা সামনে আসার পর থেকেই ফিফার অন্দরে বিতর্ক তুঙ্গে ওঠে। উয়েফা-সহ সমালোচকদের প্রবল চাপের মুখে পরে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো। ইউরোপের দেশগুলো থেকেই তাঁর বিরুদ্ধে বিরোধিতা সবচেয়ে বেশি। তবুও আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়ার বড় অংশের সমর্থন থাকায় ভোটের অঙ্কে এখনও ইনফান্তিনোকেই এগিয়ে রাখছেন পর্যবেক্ষকেরা। শেষ পাঁচ বছরের মধ্যে অন্তত দু'বছর ফুটবলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকার মতো যোগ্যতার শর্ত পার করতে হবে প্রার্থীদের।
কবে, কোথায় ভোট?
আগামী ১৮ মার্চ ২০২৭ মরক্কোর রাবাতে ৭৭তম ফিফা কংগ্রেসে এই নির্বাচন হবে। ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেকেই একটি করে ভোট দেওয়ার অধিকার পাবে। ব্যালটে দু'জনের বেশি প্রার্থী থাকলে প্রথম রাউন্ডে জিততে গেলে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। না হলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন এবং শেষ পর্যন্ত দু'জনের মধ্যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ঠিক হবে বিশ্ব ফুটবল প্রশাসনের সর্বোচ্চ আসনে কে বসবেন। বড় প্রশ্ন শেষ হবে কি ইনফান্তিনো যুগ