
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার তৈরি হল এক অনন্য নজির। এই প্রথমবার পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে থাকা চারটি দল। অর্থাৎ বিশ্বের ১, ২, ৩ এবং ৪ নম্বর দলই এবার শেষ চারের মঞ্চে মুখোমুখি হতে চলেছে। এর আগে কোনও বিশ্বকাপেই এমন নিখুঁত র্যাঙ্কিংয়ের সমীকরণ দেখা যায়নি। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স সেমিফাইনালে মুখোমুখি হবে তিন নম্বরে থাকা স্পেনের। অন্যদিকে, বিশ্বচ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ চার নম্বরে থাকা ইংল্যান্ড। ফলে বিশ্ব ফুটবলের চার সবচেয়ে শক্তিশালী লড়াই দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
একদিকে এমবাপের ফ্রান্স বনাম ইয়ামালের স্পেন ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী ফুটবল দেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে স্পেনও অন্যতম ফেভারিট হলেও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া। ফ্রান্স টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির গড়ার দোরগড়ায়। অন্যদিকে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ নতুন করে ফিরিয়ে আনবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার স্মৃতি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন নিজেদের সাফল্যের ধারা বজায় রাখতে চাইবে, তেমনই ইংল্যান্ডও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ১৯৮২ সালে ফকল্যান্ড আইল্যান্ডকে ঘিরে ইংল্য়ান্ড ও আর্জেন্টিনার যুদ্ধের প্রভাব খেলার ময়দানেও পড়ে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচকে অনেকটাই ক্রিকেটের ভারত-পাকিস্তানের ম্যাচের সঙ্গে তুলনা করা চলে।
এবার বিশ্বকাপে কেপ ভার্দে-র মত দেশ চমকে দিলেও অঘটনের সংখ্যা কম। গ্রুপ থেকে তুরস্ক, উরুগুয়ের মত দেশের বিদায়কে অঘটন বলা যায়। জার্মানি, নেদারল্যান্ডসের রাউন্ড অফ ৩২-এ হারকেও অঘটন বলতেই হবে। নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়কেও সেই তালিকায় রাখা যায়। তবে কোয়ার্টার ফাইনাল লাইনআপ দেখে বলতে হচ্ছিল, এবারের বিশ্বকাপে সেভাবে বড় কোনও অঘটন ঘটেনি।
বিশেষজ্ঞদের মতে, এবারের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল শুধু চারটি শক্তিশালী দলের লড়াই নয়, বরং বিশ্ব ফুটবলের ধারাবাহিক পারফরম্যান্সেরও প্রতিফলন। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে শেষ চারে পৌঁছনো প্রমাণ করছে যে, সাম্প্রতিক বছরগুলিতে ধারাবাহিক সাফল্যই তাদের এই জায়গায় এনে দিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটায় উত্তেজনা এখন তুঙ্গে। দুই সেমিফাইনালই ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রথম সেমি- ফ্রান্স (১) বনাম স্পেন (৩), বুধবার, রাত সাড়ে ১২টা।।
দ্বিতীয় সেমি- আর্জেন্টিনা (২) বনাম ইংল্যান্ড ((৪), বৃহস্পতিবার, রাত সাড়ে ১২টা।।
ফাইনাল- 20 জুলাই, রাত সাড়ে ১২টা। (নিউ ইয়র্ক)