
Norway vs England: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ম্যাচের ফল ২-১। নির্ধারিত সময়ে মীমাংসা হয়নি। অতিরিক্ত সময়ে জয় পায় ইংল্যান্ড। জোড়া গোল করলেন তারকা স্ট্রাইকার জুড বেলিংহ্যাম (Jude Bellingham)। বড় কোনও অঘটন না ঘটলে সেমি-ফাইনালে আর্জেন্টিনার (Argentina) মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড। ২৪ বছর পর বিশ্বকাপ ফুটবলে এই দুই দলের লড়াই হবে। লিওনেল মেসিদের (Lionel Messi) হারাতে পারলে ১৯৬৬ সালের পর ফের বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে যাবে ইংল্যান্ড।
এই ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের আক্রমণ বেশি ছিল। নরওয়ে মূলত প্রতি-আক্রমণের উপর জোর দিচ্ছিল। ৩৬ মিনিটে বাঁ পায়ের অসাধারণ শটে ইংল্যান্ডের গোলকিপার জর্জন পিকফোর্ডকে (Jordan Pickford) পরাস্ত করেন আন্দ্রিয়াস শেলডারাপ (Andreas Schjelderup)। তবে এই গোলের আক্রমণ গড়ে তোলার সময় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে (Harry Kane) ফাউল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও রেফারি গোল বাতিল করেননি। পিছিয়ে পড়েও হতোদ্যম হয়ে পড়েনি ইংল্যান্ড শিবির। প্রথমার্ধের সংযুক্ত সময়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেন বেলিংহ্যাম। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের লক্ষ্যে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে নরওয়ে। ১০ মিনিটের মধ্যেই সাফল্য আসে। কর্নার-কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে দেন তরবিয়ন হেগেম (Torbjørn Heggem)। কিন্তু গোলের ঠিক আগে ফাউল করে বসেন আর্লিং হ্যালান্ড (Erling Haaland)। ভিএআর-এর (VAR) সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। ৭৬ মিনিটে ফের গোলের কাছে পৌঁছে যায় নরওয়ে। হ্যালান্ডের শট ইংল্যান্ডের ডিফেন্ডারদের গায়ে লেগে স্যান্ডার বের্গের (Sander Berge) কাছে যায়। নরওয়ের এই ডিফেন্ডারের হেড বারে লেগে ফিরে আসে। নির্ধারিত সময়ের খেলা ১-১ শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে ম্যাচের ফয়সলা হয়।
অতিরিক্ত সময়ের খেলা শুরু হওয়ার পরেই ফের গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন বেলিংহ্যাম। ৯৯ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে ভিএআর-এর সাহায্য নিয়ে রেফারি জানিয়ে দেন, ফাউল হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বদল করা হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর হ্যালান্ডকে তুলে নেওয়া হয়। এরপর আর সমতা ফেরাতে পারেনি নরওয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।