
FIFA World Cup Telecast India: টেলিভিশন মোবাইল অ্যাপ, সেই প্রশ্ন তো পরে, ভারতে সরাসরি বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলি দেখা যাবে কি না, সে বিষয়েই ঘোরতর সংশয় তৈরি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনও ধারণা পাওয়া পাওয়া যাচ্ছে না। ১১ জুন ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে বিশ্বকাপের কিক-অফ। কিন্তু ভারতে কোন টেলিভিশন চ্যানেলে বা মোবাইল অ্যাপে ম্যাচ দেখা যাবে, তা এখনও ঠিক হল না। ফিফার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। গতবার বিশ্বকাপের বেশ কিছুদিন আগে থাকতেই টেলিভিশন চ্যানেলে সম্প্রচার নিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এবার সম্প্রচারের মাধ্যম ঠিক না হওয়ায় তেমন কিছুই দেখা যাচ্ছে না। বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election), আইপিএল-এর (IPL 2026) মধ্যেও ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে খোঁজ নিচ্ছেন। কিন্তু তাঁদের হতাশ হতে হচ্ছে।
ভারতে ১০০ কোটির বেশি মানুষ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখেন। ফিফা এত দর্শক হারাতে চাইবে না। ভারতে বিশ্বকাপ সম্প্রচার না হলে ফিফার ব্যাপক আর্থিক ক্ষতিও হবে। কিন্তু তারপরেও সম্প্রচারকারী ঠিক করা সম্ভব হল না। রিলায়েন্সের সঙ্গে ডিজনি (Reliance-Disney joint venture) যৌথ উদ্যোগে ভারতে বিশ্বকাপ ফুটবল দেখাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই উদ্যোগ ভেস্তে যেতে চলেছে। এখন শোনা যাচ্ছে, এই দুই সংস্থা যৌথভাবে যে প্রস্তাব দিয়েছিল, তা খারিজ করে দিয়েছে ফিফা। এরপর রিলায়েন্স ও ডিজনি নতুন করে প্রস্তাব দেবে না অন্য কোনও সংস্থা আগ্রহ প্রকাশ করবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
অতীতে দূরদর্শনে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারিত হয়েছে। এবারও দূরদর্শনে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করা হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।