FIFA World Cup 2026: বিশ্বকাপের ১৩টি ম্যাচ আয়োজনে কানাডার খরচ হাজার কোটি! বিপুল অর্থ খরচ নিয়ে বিতর্ক

Published : May 21, 2026, 01:57 PM IST
FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: আসন্ন ফুটবল বিশ্বকাপে কানাডায় হবে মোট ১৩টি ম্যাচ। কিন্তু সেই ১৩টি ম্যাচ আয়োজনে কানাডার খরচ হয়ে যাবে হাজার কোটি টাকারও বেশি। পার্লামেন্টারি বাজেট অফিসারের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে ফিফা বিশ্বকাপ আয়োজনে ব্যয়ের হিসেব সামনে এসেছে।

FIFA World Cup 2026: আসন্ন ফুটবল বিশ্বকাপে কানাডায় হবে মোট ১৩টি ম্যাচ। কিন্তু সেই ১৩টি ম্যাচ আয়োজনে কানাডার খরচ হয়ে যাবে হাজার কোটি টাকারও বেশি। কানাডার পার্লামেন্টারি বাজেট অফিসারের (PBO) প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে ফিফা বিশ্বকাপ আয়োজনে ব্যয়ের হিসেব সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, কানাডায় আয়োজিত বিশ্বকাপের ১৩টি ম্যাচের জন্য মোট সরকারি ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১.০৬ থেকে ১.০৭ বিলিয়ন ডলার। ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করছে যৌথভাবে তিন দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তার মধ্যে কানাডায় ম্যাচ হবে দুটি শহরে, টরন্টো এবং ভ্যাঙ্কুভারে।

এই বিপুল অর্থের সিংহভাগ কোথায় খরচ হবে

টরন্টোর বিএমও ফিল্ড এবং ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামকে কেন্দ্র করেই চলছে প্রস্তুতি। রিপোর্ট অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার বহন করতে পারে কানাডার কেন্দ্রীয় সরকার। বাকি অর্থ আসবে প্রাদেশিক এবং স্থানীয় প্রশাসনের তহবিল থেকে। শুধু টরন্টোতেই আয়োজক খরচ প্রায় ৩৮০ মিলিয়ন ডলার হতে পারে বলে অনুমান। অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়ার ব্যয় ৫৩২ থেকে ৬২৪ মিলিয়ন ডলারের মধ্যে থাকতে পারে। খরচের বড় অংশ যাবে স্টেডিয়াম সংস্কার ও পরিকাঠামো উন্নয়নে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, পরিবহণ, লজিস্টিকস, অস্থায়ী অবকাঠামো, ফ্যান জোন তৈরি এবং অনুষ্ঠান পরিচালনার মতো খাতেও বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে।

ম্যাচ প্রতি খরচ ৮২ মিলিয়ন ডলার

হিসেব বলছে, গড়ে প্রতিটি ম্যাচ আয়োজনের পিছনে সরকারি খরচ পড়তে পারে প্রায় ৮২ মিলিয়ন ডলার। যদিও এই হিসেবের মধ্যে সম্ভাব্য অর্থনৈতিক লাভ, পর্যটন আয় বা বেসরকারি বিনিয়োগ ধরা হয়নি। সমর্থকদের একাংশের দাবি, বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট দীর্ঘমেয়াদে পর্যটন এবং নগর উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সমালোচকদের প্রশ্ন, করদাতাদের অর্থের উপর এত বড় চাপ কতটা যুক্তিযুক্ত? কারণ বিশ্বকাপের পিছনে এই বিপুল অর্থব্যয়, কানাডার সাধারণ মানুষের করের টাকা থেকেই হবে।

কানাডার আম জনতার মধ্য়ে ক্ষোভ

প্রসঙ্গত, এর আগে বিপুল খরচের আশঙ্কায় মন্ট্রিয়ল বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছিল। অন্যদিকে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই হতে চলেছে প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। ফলে আয়োজক দেশগুলির উপর আর্থিক এবং প্রশাসনিক চাপও আগের তুলনায় অনেক বেশি। তবে শেষ পর্যন্ত প্রকৃত ব্যয় কত দাঁড়াবে, তা নির্ভর করবে পরিকাঠামোগত প্রয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং মূল্যবৃদ্ধিসহ একাধিক বিষয়ের উপর। আগামী মাসগুলিতে এই খরচ নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

কানাডায় এর আগে কী কী বড় টুর্নামেন্ট হয়েছিল কানাডায়

এর আগে ১৯৭৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন হয়েছিল কানাডার মন্ট্রিয়ালে। এ ছাড়াও ১৯৮৮ ও ২০১০ শীতকালীন অলিম্পিক্সের আসর বসেছিল কানাডায়। ২০১৫ মহিলাদের ফুটবল বিশ্বকাপও হয় কানাডায়। তবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ কানাডায় এই প্রথম আয়োজিত হতে চলেছে। এবারের ফিফা বিশ্বকাপের ম্যাচগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৮টি, মেক্সিকো ও কানাডায় ১৩টি করে ম্যাচ আয়োজিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি শহর মিলিয়ে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ আয়োজিত হবে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

2027 ICC Men's Cricket World Cup: ওডিআই বিশ্বকাপে নিশ্চিত নন বিরাট-রোহিত!
Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্ব পেলেন, আইপিএল-এ সুযোগ পাবেন মহম্মদ আমির?