
Mohammad Amir British Citizenship: ব্রিটিশ নাগরিক হয়ে যাওয়ার সুবাদে কি আগামী বছরের আইপিএল-এ (IPL 2027) খেলার সুযোগ পাবেন পাকিস্তানের (Pakistan) পেসার মহম্মদ আমির? ক্রিকেট দুনিয়ায় এখন এই আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালে প্রথম আইপিএল-এ (IPL 2008) পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছিলেন। তারপর সে বছরের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার (26/11 Mumbai Terror Attacks) পরেই আইপিএল-এ পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়। তবে পাকিস্তানি ক্রিকেটাররা যদি অন্য কোনও দেশের নাগরিকত্ব নেন, তাহলে তাঁদের পক্ষে আইপিএল-এ খেলা সম্ভব। এই নিয়ম কাজে লাগিয়েই ২০১৫ সালের আইপিএল-এ (IPL 2015) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলেছিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদ (Azhar Mahmood)। এবার আমিরও আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পেতে পারেন।
আমির বরাবরই ভারত-বিরোধী হিসেবে পরিচিত। এ বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup) চলাকালীন এই পেসার দাবি করেছিলেন, অভিষেক শর্মাকে (Abhishek Sharma) সহজেই আউট করা যায়। আমির আরও দাবি করেছিলেন, ভারতীয় দল সেমি-ফাইনালে পৌঁছতে পারবে না। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন আমির। এরকম একজন ভারত-বিরোধীকে আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজি সুযোগ দিলে তারাও বিরোধিতার মুখে পড়তে পারে।
২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে (England Tour of Pakistan, 2010) স্পট-ফিক্সিংয়ের (Spot-Fixing) সঙ্গে জড়িত থাকার দায়ে আমিরের কারাদণ্ড হয়। তিনি পাঁচ বছরের জন্য নির্বাসিত হন। এরপর অবশ্য নির্বাসন কাটিয়ে ফের পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পান এই ক্রিকেটার। এখন তাঁর বয়স ৩৪ বছর। ভালো বোলার হলেও, আগামী মরসুমে ৩৫ বছর বয়সে তিনি আইপিএল-এ খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কোনও ফ্র্যাঞ্চাইজিই হয়তো এরকম ভারতবিদ্বেষী ও কলঙ্কিত ক্রিকেটারকে দলে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বিরাগভাজন হতে চাইবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।