
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার ফুটবলারদের উদযাপন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাচ শেষে কয়েকজন ফুটবলার একটি ব্যানার হাতে তোলেন, যাতে লেখা ছিল "Las Malvinas Son Argentinas" (মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার)। এই ঘটনাকে কেন্দ্র করে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দ্বীপগুলির সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এই বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। বর্তমানে দ্বীপগুলির নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের হাতে থাকলেও আর্জেন্টিনা এখনও সেগুলির উপর নিজেদের দাবি বজায় রেখেছে।
La respuesta fue en la cancha: la Selección celebró con la bandera de Malvinas tras eliminar a Inglaterra
Después del histórico triunfo por 2 a 1 frente a Inglaterra y la clasificación a la final del Mundial 2026, los jugadores de la Selección Argentina celebraron con una… pic.twitter.com/JA7nKkiYxv— Argentina Noticias (@argennoti) July 15, 2026
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ বা অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় মাঠে বা স্টেডিয়ামে রাজনৈতিক বার্তা, স্লোগান বা প্রতীক প্রদর্শন করা নিষিদ্ধ। সেই কারণেই আর্জেন্টিনার এই উদযাপনকে ফিফা তাদের আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে অতীতে খেলা লো সেলসো এবং ম্যানচেস্টার সিটির প্রাক্তন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি—তাঁরা দুজনেই সেই ব্যানারটি ধরেছিলেন, যা সম্ভবত গ্যালারিতে থাকা সমর্থকরা নিয়ে এসেছিলেন। তবে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এখনও পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত বা মন্তব্য করেনি। তবে সংস্থাটি ঘটনাটি খতিয়ে দেখতে পারে এবং প্রয়োজনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA), সংশ্লিষ্ট ফুটবলার বা পুরো দলকেই শাস্তির আওতায় আনতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইএফএবি (IFAB)-এর নিয়মাবলীতে বলা হয়েছে, "খেলোয়াড়দের ব্যবহৃত সরঞ্জামে কোনও রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি থাকা যাবে না। খেলোয়াড়রা এমন কোনও অন্তর্বাস প্রদর্শন করতে পারবেন না যাতে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি কিংবা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো ছাড়া অন্য কোনও বিজ্ঞাপন থাকে। যে কোনও ধরনের লঙ্ঘনের জন্য প্রতিযোগিতা আয়োজক কর্তৃপক্ষ, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন অথবা ফিফা সংশ্লিষ্ট খেলোয়াড় অথবা দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।"
আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েল 'এক্স' (X)-এ একটি পোস্টের মাধ্যমে এই বিতর্ক আরও উসকে দিয়েছেন। তিনি লিখেছেন, "ফকল্যান্ড আর্জেন্টিনার! তারা স্টেডিয়ামে এগুলো নিয়ে আসা নিষিদ্ধ করেছিল, কিন্তু ভুলে গিয়েছিল যে আমরা এগুলো আমাদের রক্ত ও হৃদয়ে ধারণ করি।"