Table Tennis Championship: মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ১,৫০০ প্যাডলার দলগত ও ব্যক্তিগত ইভেন্টে লড়াই করছেনয

DID YOU
KNOW
?
টেবল টেনিস প্রতিযোগিতা
কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে রাজ্য টেবল টেনিস প্রতিযোগিতা। প্রথম দিন থেকেই জমজমাট লড়াই।

8th State and Inter-District Table Tennis Championship 2026: জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হল অষ্টম রাজ্য ও আন্তঃজেলা টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনেই অংশ নিয়েছে রাজ্যের ২২টি জেলার দল। বিভিন্ন বিভাগে গ্রুপ লিগের ম্যাচ ঘিরে খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সকাল ন'টা থেকে শুরু হয় প্রতিযোগিতা। সিনিয়র বিভাগ ছাড়াও বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অংশ নেন প্যাডলাররা। প্রথম দিনেই নিজেদের দক্ষতা ও দাপটের পরিচয় দিয়েছে উত্তর ২৪ পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হুগলি, হাওড়া ও শিলিগুড়ির মতো দলগুলি। নিজেদের গ্রুপে পয়েন্ট তালিকার উপরের দিকে জায়গা করে নিয়েছে এই দলগুলি।

তরুণ ও অভিজ্ঞ প্যাডলারদের লড়াই

একদিকে যেমন রাজ্যের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা নিজেদের সেরাটা তুলে ধরেছেন, তেমনই গ্রুপ লিগের ম্যাচগুলি নতুন প্রতিভাদের কাছেও নিজেদের মেলে ধরার বড় সুযোগ করে দিয়েছে। অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াইয়ে নেমে নজর কেড়েছেন একাধিক উঠতি প্যাডলার। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দফতরের মন্ত্রী তাপস রায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি চন্দন রায় চৌধুরী এবং বিজেপি-র স্পোর্টস সেলের আহ্বায়ক দীপঙ্কর মোদক।

দীর্ঘদিন পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রতিযোগিতা

সেন্ট্রাল কলকাতা টেবল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আট বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরল। ফলে এবারের চ্যাম্পিয়নশিপ ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। আগামী কয়েক দিন ধরে চলবে প্রতিযোগিতা। বিভিন্ন বয়সভিত্তিক ও সিনিয়র বিভাগে সেরার লড়াইয়ে মুখোমুখি হবে জেলার দলগুলি। প্রথম দিনের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর আগামী দিনগুলিতেও আরও আকর্ষণীয় ম্যাচের অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা। বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসা প্রতিযোগীরা নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে চাইছেন। বাংলার টেবল টেনিসে বড় শক্তি উত্তরবঙ্গ। ফলে এবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্যাডলারদের দিকে নজর থাকছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।