
Football India vs New Zealand: ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। অকল্যান্ডের হারের ধাক্কা সামলে ওঠার লক্ষ্য নিয়ে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামবে ভারতীয় পুরুষ ফুটবল দল। ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে ভারতীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ক্রাইস্টচার্চের ঠিক মাঝখানে অবস্থিত ২৫ হাজার দর্শকাসনের এই নতুন ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে এটাই প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, এই বছর মার্চে চালু হওয়া বহুমুখী এই স্টেডিয়ামটি 'তে কাহা' নামের জায়গায় তৈরি। আর চারপাশের এলাকাকে বলা হয় 'তে কাহারোয়া', মাওরি ভাষায় যার অর্থ 'স্থায়ী শক্তি'।
প্রথম ম্যাচে ৮৮ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা নিউজিল্যান্ডের কাছে ৫ গোল খেয়েছিল ভারত। বিজয়ী ভার্গিসের আত্মঘাতী গোল ছাড়াও জেসি রান্ডাল দুটো এবং ক্রিস উড ও লাচলান বেইলিস একটা করে গোল করেন। এই হারের পর খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছেন ভারতের হেড কোচ খালিদ জামিল। তিনি বলেন, “ফলাফল দেখলে মনে হবে আমরা ভালো খেলিনি, তবে ছেলেরা সেরাটা দিচ্ছে। ওদের মানসিকতা খুব ভালো। আমরা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি ঠিকই, কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। আমাদের ভুলগুলো শুধরে নিয়ে লড়াই করতে হবে। কালকের ম্যাচে প্রত্যেককে দায়িত্ব নিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।”
হেড কোচ দলের প্রস্তুতির সমস্যাগুলোর কথাও স্বীকার করেছেন। প্রথম ম্যাচের আগে দীর্ঘ বিমানযাত্রা এবং সময়ের ফারাকের কারণে অনুশীলনের সুযোগ কম ছিল। তিনি বলেন, “আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। আমরা অ্যাওয়ে ম্যাচ খেলছি, আর সময়ের ফারাক সাড়ে সাত ঘণ্টার। সফরের আগে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছি, আর দু'দিনের মধ্যে ম্যাচ খেলতে হয়েছে। মানিয়ে নিতে একটু সময় লাগে। অনেক সময় মন প্রস্তুত থাকলেও শরীর সায় দেয় না। তবে আমার মনে হয় এখন সবাই মানিয়ে নিয়েছে।” ফলাফলের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে খেলোয়াড়দের মানসিকতা ও উন্নতির ইচ্ছার ওপর ভরসা রেখেছেন জামিল। তিনি বলেন, “ফলাফলের জন্য আমিই দায়ী। আমাদের কিছু ব্যক্তিগত ভুলের জন্যই গোলগুলো খেতে হয়েছে। তবে একটা ভালো ব্যাপার হলো ছেলেদের মানসিকতা। ওরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত।”
অকল্যান্ডের ম্যাচে ভারতের অধিনায়ক থাকা অনিরুদ্ধ থাপাও কোচের কথায় সায় দিয়েছেন। তিনি বলেন, “ফলাফলটা আমাদের জন্য খুব হতাশাজনক ছিল। ম্যাচের পর ছেলেরা ভেঙে পড়েছিল। আমরা ভালো পারফর্ম করতে চেয়েছিলাম, কিন্তু নিউজিল্যান্ড শক্তিশালী দল, আমাদের ভুলের সুযোগ ওরা কাজে লাগিয়েছে। দল হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা জানি আমরা আরও ভালো খেলতে পারি, আর সেটাই কাল আমাদের প্রমাণ করতে হবে।” থাপা আরও বলেন, “এই পর্যায়ে এত ভুল করলে চলে না। আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে, জমাট বাঁধতে হবে আর নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।”
আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয়বার ভারতকে নেতৃত্ব দেওয়া ২৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, “আমার কাছে সবচেয়ে জরুরি হলো সবাইকে এক রাখা। খারাপ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাকে অধিনায়কত্ব দিলে, আমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তবে দল ও দেশের প্রতি প্রত্যেক খেলোয়াড়েরই দায়িত্ব আছে।”
অকল্যান্ডে যারা পুরো ৯০ মিনিট খেলেননি, শুক্রবার সকালে জিম সেশনের পর ক্রাইস্টচার্চে পৌঁছায় দল। শনিবার (স্থানীয় সময়) ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে তারা সরকারি অনুশীলন সেশন সারে। জামিল বলেন, "সমর্থক আর সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। খেলোয়াড়রা ইতিবাচক ভাবছে, আর আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। খারাপ সময়ে আমরা চাই সমর্থকরা আমাদের পাশে থাকুক। আমরা একটা ভালো প্রক্রিয়ার মধ্যে আছি, আর এই ধরনের ম্যাচ আমাদের খেলা দরকার। আমরা নতুনদেরও সুযোগ দিচ্ছি।"
অকল্যান্ডে মুহাম্মদ সুহেল, ডেভিড লাললানসাঙ্গা, তোম্বা সিং হাওবাম আর রিকি মিতেই হাওবাম—এই চারজন অভিষেক করেছেন। জামিল জোর দিয়ে বলেন, "কাল আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই ম্যাচে আমি কোনো খামতি রাখব না। আমাদের সবটা উজাড় করে দিতে হবে। আমি খেলোয়াড়দের সেই বার্তাই দিয়েছি। ওদের মাঠে নেমে সেরাটা দিতে হবে। ওরা দারুণ উজ্জীবিত।"
অন্যদিকে, থাপা বলেন, "ক্রাইস্টচার্চে আমাদের সামনে আরও একটা সুযোগ আছে, আর সেটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা পুরোনো ফল বদলাতে পারব না, কিন্তু সেখান থেকে শিক্ষা নিতে পারি। আমরা অনেক ভালো পারফর্ম করতে চাই।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।