
BWF Tour Final: টানা দ্বিতীয় বিডব্লুএফ ট্যুর ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। শনিবার জাপানের (Japan) কুমামোতো মাস্টার্স ২০২৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (Kumamoto Masters 2026) পুরুষদের সিঙ্গলসের সেমি-ফাইনালে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার। বিশ্বের ১০ নম্বর ইন্দোনেশিয়ার (Indonesia) আলউই ফারহানকে (Alwi Farhan) হারিয়ে খেতাবের আরও কাছে পৌঁছে গেলেন লক্ষ্য। শনিবার ৭০ মিনিটের লড়াইয়ে ষষ্ঠ বাছাই ফারহানকে ২১-১২, ১৫-২১, ২১-১১ গেমে হারান অষ্টম বাছাই লক্ষ্য। এর আগে দু’বার এই প্রতিপক্ষের মুখোমুখি হয়ে দু’বারই হেরে যান এই ভারতীয় শাটলার। তবে এবার ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিলেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন লক্ষ্য। র্যালির মাধ্যমে ফারহানকে চাপে রাখেন তিনি। বিশেষ করে নেটের কাছে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। আগের দু’টি সাক্ষাতে যে জায়গায় ইন্দোনেশিয়ার শাটলারের বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন, এবার সেই জায়গাতেই নিজের দক্ষতার পরিচয় দেন লক্ষ্য। সামনের কোর্টে দ্রুততা ও নিখুঁত শটের সুবাদে প্রথম গেম ২১-১২ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে অবশ্য ঘুরে দাঁড়ান ফারহান। নিজের গতি ও কোর্ট কভার করার ক্ষমতা কাজে লাগিয়ে লক্ষ্যকে চাপে ফেলেন তিনি। ফলে ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান ইন্দোনেশিয়ার শাটলার। ফলে ম্যাচ গড়ায় নির্ণায়ক তৃতীয় গেমে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে খেলেন লক্ষ্য। তাড়াহুড়ো করে আক্রমণে না গিয়ে সঠিক সময়ের অপেক্ষা করেন তিনি। প্রতিপক্ষের ব্যাকহ্যান্ডকে বারবার নিশানা করার পাশাপাশি নিখুঁত স্ম্যাশে পয়েন্ট তুলে নেন ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত ২১-১১ ব্যবধানে তৃতীয় গেম জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি।
শনিবার এই জয় পাওয়ার ফলে জার্মানিতে (Germany) হাইলো ওপেন (Hylo Open 2026) জয়ের পর আরও একটি বিডব্লুএফ ট্যুর ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। ১ নভেম্বর হাইলো ওপেন ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে (Jonatan Christie) ২১-১৭, ২১-১০ গেমে হারিয়ে খেতাব জিতেছিলেন তিনি। ২০২৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সেটিই ছিল তাঁর প্রথম বিডব্লুএফ ট্যুর খেতাব। এবার পরপর দুই খেতাব জেতাই লক্ষ্যর লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।